ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 26 March, 2026, 7:23 PM
ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। দিবসের সূচনা হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ বার তোপধ্বনির মাধ্যমে। এরপর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, উপজেলা গণমাধ্যমকর্মী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল থেকেই ফুলবাড়ী জছিমিঞা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয় আনুষ্ঠানিক কর্মসূচি। সেখানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করা হয়। পরে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বর্ণাঢ্য কুচকাওয়াজ ও সমাবেশে অংশগ্রহণ করে। তাদের শৃঙ্খলাবদ্ধ ও চিত্তাকর্ষক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বিভিন্ন স্থানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে অনুষ্ঠিত হয় দেশের গর্বিত সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। এ সময় মুক্তিযুদ্ধের ইতিহাস ও গৌরবগাঁথা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা হয়। বক্তারা স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদর হাসান নাঈম, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াছমিন, ফুলবাড়ী মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমান্ডার মজিবর রহমানসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ। সার্বিকভাবে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে ফুলবাড়ীতে মহান স্বাধীনতা দিবসটি উৎসবমুখর ও গৌরবোজ্জ্বল পরিবেশে উদযাপিত হয়েছে।