|
যশোরে যানজট মুক্ত করতে লাইসেন্স ছাড়া চলবে না ভ্যান রিকশা
মোঃ জসিম উদ্দিন তুহিন ,যশোর
|
|
যশোরে যানজট মুক্ত করতে লাইসেন্স ছাড়া চলবে না ভ্যান রিকশা ১ তারিখ থেকে এই নিয়ম অমান্যকারী অবৈধ ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে চূড়ান্ত উচ্ছেদ অভিযান শুরু হবে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। মে ২০২৬ মাসের জেলার অপরাধচিত্র ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার। সভায় শহরের যানজট পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন,যশোর শহরের যানজটের অন্যতম প্রধান কারণ অপ্রয়োজনীয় ও লাইসেন্সবিহীন ভ্যান-রিকশা।এখন থেকে পৌরসভার অনুমোদিত চালকদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির লাইসেন্স উভয়ই থাকতে হবে। আমরা চাই যশোর শহর হোক যানজটমুক্ত ও নান্দনিক। এর জন্য সবার সহযোগিতা দরকার। লাইসেন্স ছাড়া কেউ রাস্তায় নামলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) ও পৌর প্রশাসক সৈয়দ রফিকুল হাসানকে দ্রুত মাইকিং করে বিষয়টি সাধারণ মানুষকে জানানোর নির্দেশ দেন। একই সাথে বিআরটিএ, ট্রাফিক পুলিশ ও পৌরসভার সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। এই কমিটি চালকদের যাচাই-বাছাই করে ৭ থেকে ১০ দিনের বিশেষ প্রশিক্ষণ দেবে এবং প্রশিক্ষণ শেষে তাদের লাইসেন্স প্রদান করা হবে। বর্তমানে যশোর পৌরসভায় অনুমোদিত গাড়ির সংখ্যা প্রায় ৭ হাজার ৭০০টি।শহরের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, যশোরকে সুন্দর ও নান্দনিক করতে শহরে প্রবেশের পথগুলো চিহ্নিত করে নিয়ন্ত্রণমাফিক গাড়ি প্রবেশ করানো হবে। কোন সময় কোন রুটে কি ধরনের যানবাহন চলবে, তা নির্দিষ্ট করে দেওয়া হবে।পাশাপাশি শহরের ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো এবং রাস্তার দুই পাশের অবৈধ দখলমুক্ত করতে অভিযান জোরদার করা হবে। তিনি নাগরিকদের সচেতনতা ও আইন মানার মানসিকতা তৈরির প্রতি আহ্বান জানান। যশোর পৌর প্রশাসক সৈয়দ রফিকুল হাসান বলেন, পৌরসভার অনুমোদন ছাড়া কোনো ভ্যান-রিকশা রাস্তায় নামতে পারবে না। এছাড়া রাস্তার দুই পাশ দখলমুক্ত করতে নিয়মিত অভিযান চলবে। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান। তিনি বলেন, যানজটের কারণে পণ্য পরিবহনে দেরি হয় এবং ব্যবসার খরচ বাড়ে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শহরের ব্যবসা-বাণিজ্যে গতি আসবে।সভায় বিগত মে মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে উল্লেখ করা হলেও কিশোর গ্যাং ও চোরাচালানের কিছু ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কিশোর গ্যাং প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা, মাদক ও ছিনতাইবিরোধী অভিযান জোরদার এবং সীমান্তে চোরাচালান ও পুশইন রোধে বিজিবি ও পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার ও যশোর পৌর পার্কের নিরাপত্তা জোরদার করার কথাও জানানো হয়। সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাসুদ রানা, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক হোসেন সাফায়াত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মাহমুদ এবং র্যাবের এসপি রেজাউল হকসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ। সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, আইন সবার জন্য সমান। আমরা কাউকে হয়রানি করতে চাই না। তবে শহরের শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। সবার সম্মিলিত প্রচেষ্টায় যশোর দেশের অন্যতম পরিকল্পিত ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে উঠবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
২৫ লাখের বেশি কর্মসংস্থান নিয়ে দেশের অর্থনৈতিক চালিকাশক্তি গাজীপুর: জেলা প্রশাসক
বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত মধ্যবয়সী নারীর মৃত্যু
আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
বিশ্বকাপ উন্মাদনায় ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ ক্যাম্পেইন চালু করল অপো
