প্রতিমন্ত্রীকে নিয়ে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে ডিবির হাতে গ্রেপ্তার একাধিক সাংবাদিক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 21 June, 2026, 10:46 AM
প্রতিমন্ত্রীকে নিয়ে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে ডিবির হাতে গ্রেপ্তার একাধিক সাংবাদিক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে ভুয়া, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে দায়ের করা মামলায় ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৯ জুন) গভীর রাতে গাজীপুর মহানগরের গাছা এলাকার বোর্ডবাজার থেকে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। পরে বগুড়া জেলা ডিবি পুলিশের একটি দল তাকে বগুড়ায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের কর্মকর্তা রহমত উল্লাহ মানিক।
মামলার বাদী বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম। তিনি বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন।
মামলায় ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর সহকারী সম্পাদক রেজানুর ইসলাম, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার এবং বগুড়া প্রতিনিধি শামসকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগে বলা হয়েছে, প্রতিমন্ত্রীকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দিয়ে তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ১২ জুন বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। পরবর্তীতে প্রতিমন্ত্রীকে নিয়ে আরও বিভ্রান্তিকর ও মানহানিকর মন্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগও উত্থাপন করা হয়েছে।
বাংলাদেশ দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৪ ও ১০৯ ধারায় দায়ের করা এ মামলাটি আদালত আমলে নিয়ে এজাহার হিসেবে গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন।
তদন্তকারী কর্মকর্তা রহমত উল্লাহ মানিক জানান, মামলার তদন্তের স্বার্থে রেজানুর ইসলামকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা অভিযুক্ত সাংবাদিককে গ্রেফতার করে আইনগত প্রক্রিয়া অনুসরণে তাদের হেফাজতে নিয়ে গেছেন।