|
১০ দিনে ৩ স্মার্টফোন বিস্ফোরণে এক জনের মৃত্যু: মৃত্যু মুখ থেকে ফিরলেন আরেক নারী (ভিডিও সহ)
নতুন সময় প্রতিবেদক
|
![]() ১০ দিনে ৩ স্মার্টফোন বিস্ফোরণে এক জনের মৃত্যু: মৃত্যু মুখ থেকে ফিরলেন আরেক নারী (ভিডিও সহ) সবশেষ বুধবার (২৪ জুন) কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমিরুল ইসলামের পকেটে থাকা ভিভো Y12 মডেলের একটি স্মার্টফোন বিস্ফোরিত হয়। এতে তিনি আহত হন এবং চিকিৎসা নিতে বাধ্য হন। আমিরুল জানান, সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে হঠাৎ পকেটে থাকা ফোনটি অস্বাভাবিক গরম হয়ে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। তিনি বলেন, ফোনটি হঠাৎ গরম হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণ ঘটে। আমি আহত হই এবং চিকিৎসা নিতে হয়। এর আগে ২১ জুন গাজীপুরের টঙ্গীর একটি আবাসিক এলাকায় ভিভো Y20 মডেলের একটি ফোন বিস্ফোরিত হয়। পরিবারের সদস্যরা জানান, অসুস্থ অবস্থায় ঘরে শুয়ে থাকা এক গৃহবধূ প্রথমে ফোনটি অতিরিক্ত গরম হতে দেখেন। পরে সেটি থেকে ধোঁয়া বের হতে শুরু করলে দ্রুত বারান্দায় ছুড়ে ফেলা হয়। কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে। গৃহবধূ জানান, আমি ভয়াবহ আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছিলাম। ফোনটি হঠাৎ অতিরিক্ত গরম হয়ে ধোঁয়া বের হতে শুরু করলে বুঝতে পারি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। মনে হচ্ছিল, একটু দেরি হলেই বড় ধরনের ক্ষতি হতে পারত। এমন ঘটনায় আমি সত্যিই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে ১৪ জুন আশুলিয়ায়। ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউর একটি স্মার্টফোন চার্জে দিয়ে ঘুমিয়ে ছিলেন মিজানুর রহমান (৪৪)। রাতের কোনো এক সময় ফোন বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে পুরো কক্ষে। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে বলেছিলেন, মিজানুর রহমানের শরীরের প্রায় ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এদিকে রাজধানীর পুলিশ প্লাজায় স্মার্টফোন কিনতে আসা ক্রেতা আরিফুল ইসলাম বলেন, আমি ভিভোর একটি নতুন মডেল কেনার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু পরপর বিস্ফোরণের ঘটনা দেখে সেই সিদ্ধান্ত বদলেছি। এখন অন্য ব্র্যান্ডের ফোন কেনার কথা ভাবছি। একের পর এক বিস্ফোরণের ঘটনায় ভুক্তভোগী পরিবার, প্রযুক্তি সচেতন নাগরিকদের প্রশ্ন, যদি একই সময়ে একই ব্র্যান্ডের একাধিক ডিভাইস বিস্ফোরিত হয়, তাহলে এর দায় কে নেবে? ব্যবহারকারীদের জীবন ঝুঁকির মুখে ফেলে বাজারে থাকা এসব ডিভাইসের নিরাপত্তা যাচাই করবে কে? এ বিষয়ে ভিভো মোবাইল বাংলাদেশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার পর ঘটনার মধ্যেও কোম্পানির নীরবতা জনমনে উদ্বেগ ও সন্দেহ আরও বাড়িয়ে তুলছে। বক্তব্য পাওয়া গেলে তা সংযোজন করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
