ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
চাকসুর উদ্যোগে প্রায় ১৫০০ ছাত্রী পেলেন ফ্রি মেডিকেল সেবা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 2 July, 2026, 6:49 PM

চাকসুর উদ্যোগে প্রায় ১৫০০ ছাত্রী পেলেন ফ্রি মেডিকেল সেবা

চাকসুর উদ্যোগে প্রায় ১৫০০ ছাত্রী পেলেন ফ্রি মেডিকেল সেবা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-চাকসুর উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড ও ন্যাশনাল ডক্টরস ফোরামের সহযোগিতায় নারী শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এই ক্যাম্পে প্রায় ১৫০০ নারী শিক্ষার্থী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

'ছাত্রীদের ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৬' শীর্ষক এই আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. কে. এম. ফজলুল হক। ক্যাম্পে শিক্ষার্থীরা গাইনোকলজি, মেডিসিন, ডার্মাটোলজি এবং নিউট্রিশন-এই চার বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও সেবা পান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের বোর্ড অব ডিরেক্টরসের সদস্যা মিসেস আমেনা শাহীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকসুর সহ-সভাপতি (ভিপি) মো. ইব্রাহিম হোসেন রনি। সঞ্চালনা করেন চাকসুর ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার (দ্বীপা) ও সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা।

এসময় আরও উপস্থিত ছিলেন চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতব্বর এবং নির্বাহী সদস্য সালমান ফারসি সাকিব ও আদনান শরীফ।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, "চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল চাকসুর উদ্যোগে যেভাবে সাড়া দিয়েছে, এজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের বিশ্ববিদ্যালয়ের যতটুকু মেডিকেল ফ্যাসিলিটি আছে, তাতে অনেক কিছুই আমরা কাভার করতে পারি না। মেয়েদের বিভিন্ন পর্যায়ের সমস্যা থাকে—সেসব সমাধানের জন্য এমন উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ।"

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, "গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন ধারার কাজ করে যাচ্ছে চাকসু। আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে আর্থিক সীমাবদ্ধতা ও লোকলজ্জার কারণে ছাত্রীরা অনেক সময় তাদের রোগের কথা বলতে পারেন না। চাকসুর এই আয়োজনের ফলে ছাত্রীরা যেমন স্বাস্থ্যসেবা পাচ্ছেন, তেমনি তাদের রোগ সম্পর্কে সচেতনও হতে পারছেন। একাডেমিক ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের জন্য ছাত্রীদের সুস্থ থাকা জরুরি।"

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ. কে. এম. ফজলুল হক বলেন, "আগামীতে আমরা বিশেষায়িত হাসপাতাল করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। আমরা শিক্ষার্থীদের জন্য এমন ব্যবস্থা করতে চাই, যাতে চিকিৎসার জন্য ঢাকায় যেতে না হয়। আমরা ইতোমধ্যে চবির সাথে একটি চুক্তি করেছি, যেখানে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন টেস্টে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাতে আন্তর্জাতিক মানে এগিয়ে যায়, সে আশাই ব্যক্ত করছি।"

চাকসু ভিপি মো. ইব্রাহীম হোসেন রনি বলেন, "আমরা চাকসু নির্বাচনের পর থেকে ৫-৬ ঘন্টার বেশি ঘুমাতে পারি না। চাকসুর এই দায়িত্ব অত্যন্ত আমানতের সাথে আমাদের পালন করতে হচ্ছে। এখানে চাইলেই আমরা যা ইচ্ছে করতে পারি না। স্যারদের কাছে আমার অনুরোধ থাকবে, যাতে পরবর্তী বছর চাকসু নির্বাচন আবার হয়। দ্বিতীয়ত, আমাদের মেডিকেল সেন্টারকে আরও আধুনিক করার বিষয়গুলো স্যারদের দেখার জন্য অনুরোধ জানাবো।"

চাকসুর ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা বলেন, "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহর থেকে দূরে হওয়ায় ছাত্রীরা চাইলেই শহরে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারে না। তাই, ছাত্রীদের বিভিন্ন সমস্যার কথা মাথায় রেখে আমরা এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা সামনেও ছাত্রীদের জন্য আরও কিছু সুন্দর আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।"

চাকসুর সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা জানান, এই ক্যাম্পে প্রায় ১১০০ ছাত্রী রেজিস্ট্রেশন করেছেন। তবে, রেজিস্ট্রেশনের বাইরেও আরও অসংখ্য ছাত্রী সেবা নিয়েছেন। ক্যাম্পটিতে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১২ জন ডাক্তার শিক্ষার্থীদের সেবা দিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status