ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩
রুটের ব্যাটে মন্দা, তবু ভরসা নিজের অভিজ্ঞতায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 31 August, 2026, 10:55 AM

রুটের ব্যাটে মন্দা, তবু ভরসা নিজের অভিজ্ঞতায়

রুটের ব্যাটে মন্দা, তবু ভরসা নিজের অভিজ্ঞতায়

সাম্প্রতিক সময়ে বড় ইনিংসের দেখা মিলছে না ইংল্যান্ডের জো রুটের ব্যাটে। তবে তাতে খুব একটা চিন্তিত নন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। বরং নিজের দীর্ঘ ক্যারিয়ার আর ১৪ হাজারের বেশি টেস্ট রানকে সামনে রেখে আত্মবিশ্বাসী রুট, এই কঠিন সময়ও তিনি পেরিয়ে যাবেন।

টেস্টে ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক রুট। সব মিলিয়েই তার সামনে আছেন শুধু শচীন টেন্ডুলকার। তবে চলতি গ্রীষ্মে তার ব্যাটিংটা ঠিক তাঁর নামের সঙ্গে মানানসই নয়। 

এখন পর্যন্ত মাত্র দুবার পেরিয়েছেন পঞ্চাশের ঘর। ঘরের মাঠের কোনো মৌসুমে তার গড়ও এতটা নিচে নামেনি। চলতি মৌসুমে এখন পর্যন্ত রুটের গড় ২৯.৪৪, যা তার ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ঘরের মাঠে দ্বিতীয় সর্বনিম্ন।

সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা হয়ে দাঁড়িয়েছে এলবিডব্লিউ। সবশেষ সাত টেস্টে ৯ বার লেগ বিফোর উইকেট হয়েছেন রুট। যার সাতটিই এসেছে চলতি গ্রীষ্মে।

তবে এটিকে অতটা বড় করে দেখতে রাজি নন রুট। তার মতে, এবারের ইংলিশ কন্ডিশন ব্যাটারদের জন্য বেশ কঠিন। বিশেষ করে বলে মুভমেন্ট যত বেশি থাকছে, সেটি ব্যাটারদের কাজ কঠিন করে তুলছে।

বিবিসির ‘টুডে অ্যাট দ্য টেস্ট’ অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে নিজের বারবার এলবিডব্লিউ হওয়া নিয়ে কথা বলেছেন রুট।

“আমি অনেক দিন ধরে খেলাটা খেলছি। এর আগে এমন সমস্যাও এসেছে, আর সেগুলোর সমাধানের পথও খুঁজে বের করেছি। এটাকেও আমি আলাদা কিছু মনে করছি না। এই কারণেই তো ১৪ হাজার রান করেছি। এই কারণেই প্রায় ১৫ বছর ধরে এই পর্যায়ে খেলছি।”

তবে সাম্প্রতিক সময়ে এলবিডব্লিউর ধারাবাহিকতা নিয়ে যে কিছুটা হতাশা আছে, সেটিও স্বীকার করেন রুট। তিনি বলেন, তার কয়েকটিতে আউট আম্পায়ার্স কলের ওপরও নির্ভর করেছে।

“অবশ্যই এটা হতাশাজনক, (এলবিডব্লিউর) একটা প্রবণতা তৈরি হয়েছে। এর সম্ভবত ৪টি আম্পায়ার্স কল ছিল, যেগুলো অন্য দিকেও যেতে পারত। আর বলও সম্ভবত আগের যেকোনো সময়ের চেয়ে বেশি মুভমেন্ট করছে।”

টেস্ট ক্রিকেটে রুটের নামের পাশে এখন ১৪ হাজার ২০৮ রান। তার সামনে কেবল একজন- ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে থাকা টেন্ডুলকারের সংগ্রহ ১৫ হাজার ৯২১ রান।

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের করতে হবে আর ১ হাজার ৭১৩ রান। রুটের এলবিডব্লু সমস্যা অবশ্য একেবারে নতুন নয়। গত বছর অ্যাশেজের আগে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নারও রুটের এই দুর্বলতা নিয়ে খোঁচা দিয়েছিলেন। বলেছিলেন, সফল হতে হলে রুটকে ‘সামনের পা থেকে সার্ফবোর্ড সরাতে হবে।’

ওয়ার্নারের সেই মন্তব্যের সময় অবশ্য পরিসংখ্যান রুটের বিপক্ষে ছিল না। ২০২২ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত, মেলবোর্ন টেস্টে অ্যাশেজের চতুর্থ ম্যাচ পর্যন্ত, পেসারদের বলে মাত্র তিনবার এলবিডব্লিউ হয়েছিলেন রুট।

কিন্তু এরপর পরিস্থিতি বদলেছে। বক্সিং ডে টেস্টের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার জাই রিচার্ডসনের বলে এলবিডব্লিউ হওয়ার পর শুরু হয়েছে নতুন ধারা। এরপর মাত্র ১২ ইনিংসে পেসারদের বলে ৯ বার লেগ বিফোর হয়েছেন তিনি।

রুটের সমস্যাটা আরও নির্দিষ্ট। ডানহাতি পেসাররা অফ স্টাম্পের বাইরে বল ফেলে সেটি ভেতরের দিকে ঢুকিয়ে দিচ্ছেন, আর তাতেই বিপদে পড়ছেন ইংলিশ ব্যাটার। মজার ব্যাপার হলো, এই ৯ এলবিডব্লিউর একটিও খুব গতিময় বোলারের বলে নয়। 

সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮৪ মাইলের আশপাশে থাকা পেসারদের বলেই বেশি বিপাকে পড়েছেন তিনি। তবে সমস্যার সমাধান খুঁজতে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন রুট।

“এই খেলায় কেউ আপনাকে কিছুই উপহার দেবে না। সবকিছুর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। আমি সেটাই করে যাব। প্রতিনিয়ত আপনাকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, নিজেকে বদলাতে হবে, শিখতে হবে। এসব থেকে আমি কখনো পালাইনি, সামনেও পালাব না।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status