ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩
মেসির অবসরের পর আর্জেন্টিনার অধিনায়ক হচ্ছেন কে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 6 September, 2026, 1:33 PM

মেসির অবসরের পর আর্জেন্টিনার অধিনায়ক হচ্ছেন কে

মেসির অবসরের পর আর্জেন্টিনার অধিনায়ক হচ্ছেন কে

কে হবেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক? লিওনেল মেসির অবসরের মধ্যে দিয়ে আর্জেন্টিনার ফুটবলে বড় এক অধ্যায়ের শেষ হয়েছে। ১৫ বছরেরও বেশি সময় ধরে আলবিসেলেস্তেদের অধিনায়ক ছিলেন মেসি। তাঁর নেতৃত্বেই আর্জেন্টিনা পেয়েছে বিশ্বকাপসহ একের পর এক বড় সাফল্য। এখন সেই আর্মব্যান্ড উঠবে কার হাতে?

অধিনায়ক হওয়ার দৌড়ে তিনজন

মেসির উত্তরসূরি হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন ক্রিস্টিয়ান রোমেরো। ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আর্জেন্টিনার রক্ষণভাগে দীর্ঘদিন ধরেই তিনি নির্ভরতার প্রতীক। ইংলিশ ক্লাব টটেনহামে তাঁর নেতৃত্বের অভিজ্ঞতাও রয়েছে। মাঠে তাঁর উপস্থিতি সতীর্থদের সাহস জোগায়। নিকোলাস ওতামেন্দি জাতীয় দল ছাড়ার পর রোমেরোই হয়ে উঠেছেন স্কোয়াডের সবচেয়ে অভিজ্ঞ ডিফেন্ডারদের একজন।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, রোমেরোই অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। আর্জেন্টাইন রেডিও ‘রেডিও মিত্রে’ জানিয়েছে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এরই মধ্যে রোমেরোকেই অধিনায়ক হিসেবে পছন্দ করেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

অধিনায়কত্ব পাওয়ার দৌড়ে রোমেরোর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে পারেন এমিলিয়ানো মার্তিনেজ। আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের বড় অংশজুড়ে আছেন এই গোলরক্ষক। ২০২২ কাতার বিশ্বকাপে জিতেছেন সেরা গোলকিপারের পুরস্কার।

যদিও ২০২৬ বিশ্বকাপে সেরাটা দেখাতে পারেননি। তবে ফাইনালে ভালো খেলেছেন। এই মৌসুমে চেলসিতে নাম লেখানো মার্তিনেজের পেনাল্টি ঠেকানোর অসাধারণ দক্ষতা আছে। একই সঙ্গে তিনি মানসিক লড়াইয়েও দক্ষ। সতীর্থদের রক্ষা করতে সামনে থেকে লড়াই করতে জানেন।

এই তালিকায় থাকতে পারেন আরেক মার্তিনেজ-লাওতারো মার্তিনেজ। ইন্টার মিলানে কয়েক মৌসুম ধরে অধিনায়কত্ব করছেন এই ফরোয়ার্ড। গোল করার ক্ষমতা তাঁকে দলের পোস্টারবয়ও বানিয়েছে। গতকালও নাপোলির বিপক্ষে জোড়া গোল করে ইন্টার মিলানকে জিতিয়েছেন। মেসির সঙ্গে স্কালোনি যুগের প্রায় পুরো পথেই ছিলেন লাওতারো। তাই জাতীয় দলের নেতৃত্বের পরিবেশ তাঁর অচেনা নয়।

অধিনায়ক ঠিক করতে যিনি বড় ভূমিকা রাখবেন, সেই স্কালোনি আর্জেন্টিনার কোচ হিসেবে কত দিন থাকবেন, সেটাও গুরুত্বপূর্ণ ব্যাপার। বিশ্বকাপ ফাইনালের পর স্কালোনি নিজেই বলেছিলেন, তিনি ডিসেম্বর পর্যন্ত চালিয়ে যাবেন। এরপর সভাপতির সঙ্গে কথা বলবেন। কিছুটা বিশ্রাম নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি। তবে আপাতত আর্জেন্টিনার আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোর জন্য প্রাথমিক দল ঘোষণা করতে হবে তাঁকেই।

চলতি সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। ম্যাচগুলো হতে পারে ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে। প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। এই ম্যাচগুলোর জন্য দল ঘোষণার সময়ই উত্তরটা পাওয়া যাবে—কে হবেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status