ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩
একাদশে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ, ফল প্রকাশ ১৬ সেপ্টেম্বর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 13 September, 2026, 4:14 PM

একাদশে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ, ফল প্রকাশ ১৬ সেপ্টেম্বর

একাদশে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ, ফল প্রকাশ ১৬ সেপ্টেম্বর

একাদশ শ্রেণিতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আগামী ১৬ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। নির্ধারিত সময়ে নিশ্চয়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

রোববার ( ১৩ সেপ্টেম্বর ) ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ুন কবির এসব তথ্য জানান।

নীতিমালা অনুযায়ী, পছন্দক্রমের ভিত্তিতে মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। ২০ থেকে ২২ সেপ্টেম্বর ভর্তি কার্যক্রম চলবে। ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

এদিকে একাদশে ভর্তির অনলাইন আবেদনের সময় আজ রাত ৮টায় শেষ হচ্ছে। একই সময়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা নতুন করে আবেদন করতে পারবেন। আগে আবেদন করা শিক্ষার্থীরাও পছন্দক্রম পরিবর্তন বা আবেদন পরিমার্জনের সুযোগ পাবে।

আন্তশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের সংশোধিত ফল ভর্তি পোর্টালে যুক্ত করা হয়েছে। এ ছাড়া গত ১০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে না পারা শিক্ষার্থীরাও আজ রাত ৮টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবে।

গত ২ সেপ্টেম্বর একাদশে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়। এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে। কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। আবেদনের ফি ২২০ টাকা। একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবে।

ভর্তির ক্ষেত্রে ৯৩ শতাংশ আসন সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ এবং শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য মোট ২ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। কোটায় উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে মেধাতালিকা থেকে আসন পূরণ করা হবে। এ কোটা শুধু ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য।

নীতিমালা অনুযায়ী, কলেজভেদে সেশন চার্জ ও ভর্তি ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ঢাকা মহানগরে সর্বোচ্চ ৫ হাজার, অন্যান্য মহানগরে ৩ হাজার, জেলা সদরে ২ হাজার এবং উপজেলা বা মফস্বল এলাকায় সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status