ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩
সেমিকন্ডাক্টর টেস্টিং প্রশিক্ষণ কোর্স চালু করল বিএসআইএ-সিসিপ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 September, 2026, 4:43 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 16 September, 2026, 4:47 PM

সেমিকন্ডাক্টর টেস্টিং প্রশিক্ষণ কোর্স চালু করল বিএসআইএ-সিসিপ

সেমিকন্ডাক্টর টেস্টিং প্রশিক্ষণ কোর্স চালু করল বিএসআইএ-সিসিপ

বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ), স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমিপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)-এর আওতায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার এআইইউবি বনানী ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে সেমিকন্ডাক্টর টেস্টিং প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেছে।

তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ২৫ জন গ্র্যাজুয়েট অংশগ্রহণ করছেন। এ প্রশিক্ষণের মূল লক্ষ্য তরুণ গ্র্যাজুয়েটদের সেমিকন্ডাক্টর টেস্টিং বিষয়ে শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জ্ঞান ও ব্যবহারিক দক্ষতায় সমৃদ্ধ করা এবং দেশে ও বিদেশে কর্মসংস্থান ও ক্যারিয়ার গড়ার সুযোগের জন্য তাদের প্রস্তুত করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআইএ-র সভাপতি জনাব এম. এ. জব্বার। প্রশিক্ষণার্থীদের আন্তরিকতা, কঠোর পরিশ্রম ও ধারাবাহিকভাবে শেখার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনাদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্প কীভাবে বিকশিত হচ্ছে তা জানতে হবে এবং নিজেদের দক্ষতা বাড়াতে কঠোর পরিশ্রম করতে হবে। যথাযথ দক্ষতা ও নিষ্ঠা থাকলে চাকরি ও উদ্যোক্তা উভয় ক্ষেত্রেই আপনারা সুযোগ তৈরি করতে পারবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিপ-এর ডিইপিডি (ফান্ড ম্যানেজমেন্ট) ও যুগ্মসচিব জনাব মাইনুল হাসান। বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্পের সম্প্রসারণ এবং এ খাতে ক্রমবর্ধমান ক্যারিয়ারের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, সেমিকন্ডাক্টর খাতে দেশে ও বিদেশে উল্লেখযোগ্য কর্মসংস্থান ও ক্যারিয়ারের সুযোগ রয়েছে। সিসিপি-এর আওতায় আপনাদের দক্ষতা উন্নয়নে সরকার সরকারি অর্থ বিনিয়োগ করছে। তাই এই সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করে সফল ক্যারিয়ারের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিসিপ-এর এইপিডি (প্রোগ্রাম ম্যানেজমেন্ট) ও উপসচিব জনাব মোহাম্মদ আফজাল হোসাইন; বিএসআইএ-এর পরিচালক ও আইটেস্ট বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মুনির আহমেদ; এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাসান উজ জামান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিএসআইএ-সিসিপ পিআইইউ-এর চিফ কো-অর্ডিনেটর জনাব রাশিদুল হাসান এবং তিনি  প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন।

প্রশিক্ষণার্থীদের প্রতিনিধিত্ব করে শ্রাবণী পাল দীপি এবং কামরুল আহসান তিন মাসব্যাপী এ কোর্স থেকে তাদের প্রত্যাশার কথা সংক্ষেপে তুলে ধরেন। তারা সেমিকন্ডাক্টর টেস্টিং বিষয়ে ব্যবহারিক ও শিল্পখাতভিত্তিক জ্ঞান এবং দক্ষতা অর্জনে তাদের আগ্রহের কথা জানান।

অনুষ্ঠানে বিএসআইএ-র আওতায় সেমিকন্ডাক্টর টেস্টিং প্রশিক্ষণ কোর্স পরিচালনার লক্ষ্যে বিএসআইএ-আইটেস্ট বাংলাদেশ লি: এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিএসআইএ-এর সভাপতি জনাব এম. এ. জব্বার এবং আইটেস্ট বাংলাদেশ লিমিটেড-এর পরিচালক জনাব মুনির আহমেদ।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিএসআইএ-এর সদস্য এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিবৃন্দ সেমিকন্ডাক্টর টেস্টিং প্রশিক্ষণ ল্যাব পরিদর্শন করেন এবং প্রশিক্ষণের জন্য স্থাপিত সুযোগ-সুবিধা ও যন্ত্রপাতি সম্পর্কে অবহিত হন।

উল্লেখ্য, বিএসআইএ-সিসিপ কর্মসূচির আওতায় আগামী দুই বছরে সেমিকন্ডাক্টর প্রযুক্তির ৭টি বিশেষায়িত বিষয়ে মোট ৩,৫০০ জন তরুণ বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটকে প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা রয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে তাদের শিল্পখাতের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় জ্ঞান ও ব্যবহারিক দক্ষতায় সমৃদ্ধ করে দেশ ও বিদেশে কর্মসংস্থানের উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status