|
বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষ্যে 'গ্রিন বাউ-ক্লিন বাউ' এর নানা কর্মসূচি
নতুন সময় প্রতিনিধি
|
![]() বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষ্যে 'গ্রিন বাউ-ক্লিন বাউ' এর নানা কর্মসূচি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব রাখার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে আলোচনা সভা, সচেতনতামূলক র্যালি, লিফলেট বিতরণ ও ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করা হয়। গ্রিন বাউ-ক্লিন বাউ এর সভাপতি অধ্যাপক ড. এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান, সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. হাম্মাদুর রহমান। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, অনুষদীয় কমিটির আহ্বায়ক শিক্ষক, গ্রিন বাউ-ক্লিন বাউ এর নির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন অনুষদীয় কমিটির সদস্য ও শিক্ষার্থীরা এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। আলোচনা সভা শেষে আমতলা থেকে প্রশাসন ভবনের সামনে হয়ে কেআর মার্কেট পর্যন্ত সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে শিক্ষার্থী ও আয়োজক সংগঠনের সদস্যরা অংশ নেন। র্যালি শেষে কেআর মার্কেট এলাকায় উপস্থিত সকলের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্থান পরিষ্কার করেন এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন করেন। প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, আমাদের এই উদ্যোগটি খুবই মহৎ উদ্যোগ। সবাই বলে আমাদের ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস। তাই শুধু সবুজ হলেই চলবে না, ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্নও রাখতে হবে। অন্যান্য ছোট বিশ্ববিদ্যালয়ে দেখা যায়, একটি-দুটি রাস্তা থাকায় সেগুলো পরিষ্কার রাখা সহজ হয়। কিন্তু আমাদের ক্যাম্পাস অনেক বড় এবং এটি একটি উন্মুক্ত ক্যাম্পাস হওয়ায় সার্বিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অনেক কঠিন। এ কারণে সপ্তাহের ছুটির দিনে কিছু কিছু জায়গা বন্ধ রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে ক্যাম্পাস পরিষ্কার রাখা যায়। আমি অনুষদগুলোর দায়িত্বশীলদের অনুরোধ করব, আপনারা নিজ নিজ জায়গা থেকে এই কার্যক্রম চালিয়ে যাবেন। হলের প্রভোস্টরা হলে শিক্ষার্থীদের বলবেন, ডিনরা নিজ নিজ অনুষদে বলবেন। আমরা সবাই যদি সচেতন হই এবং একসঙ্গে কাজ করি, তাহলে ক্যাম্পাসকে অনেকটাই পরিষ্কার রাখা সম্ভব হবে। গ্রিন বাউ-ক্লিন বাউ এর সভাপতি অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম বলেন, পরিচ্ছন্নতা শুধু একদিনের কর্মসূচি নয়। এটিকে আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের সবার ক্যাম্পাস। তাই ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখার দায়িত্বও আমাদের সবার। শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়াতে গ্রিন বাউ-ক্লিন বাউ নিয়মিতভাবে কাজ করে যেতে চায়।' |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
