বেশিরভাগ প্রশ্নে চুপ ছিলেন নজরুল, তথ্য দিয়েছেন স্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 September, 2026, 10:52 AM সর্বশেষ আপডেট: Wednesday, 23 September, 2026, 10:57 AM
বেশিরভাগ প্রশ্নে চুপ ছিলেন নজরুল, তথ্য দিয়েছেন স্ত্রী
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যা প্ররোচনা মামলায় জামায়াত থেকে বহিষ্কৃত এমপি জিএম নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের প্রথম দিনের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় নজরুল ইসলাম বেশিরভাগ প্রশ্নে নির্বাক ছিলেন এবং তার স্ত্রীকে বিধ্বস্ত মনে হয়েছে জিজ্ঞাসাবাদকারী কর্মকর্তাদের।
ডিএমপির শেরেবাংলা নগর থানায় করা মামলাটি ডিবিতে স্থানান্তর হয়েছে। ডিবির তদন্তসংশ্লিষ্টরা জানিয়েছেন, মরিয়মকে নির্যাতন ও মানসিক নিপীড়নের বিষয়ে নজরুল এবং তার প্রথম স্ত্রীকে একাধিক কর্মকর্তা দফায় দফায় নানা প্রশ্ন জিজ্ঞেস করেছেন। তবে বেশিরভাগ প্রশ্নের উত্তরে নীরব থেকেছেন নজরুল ইসলাম। স্ত্রী মাকছুদা জিজ্ঞাসাবাদে উত্তর দিয়েছেন। কিন্তু বেশিরভাগ সময় তিনি কান্না করার সঙ্গে নিজেকে নির্দোষ দাবি করেছেন।
মঙ্গলবার প্রথম দিনের রিমান্ড শেষে মাকছুদা ইসলামকে কারাগারে আটক রাখার আবেদন করেন ডিবির তদন্ত কর্মকর্তা। এর আগে সোমবার মাকছুদাকে এক দিনের ও নজরুলকে চার দিনের রিমান্ড দেন আদালত।
মাকছুদাকে কারাগারে আটক রাখার আবেদনে ডিবির তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে মামলা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা মামলার তদন্তে সহায়ক ভূমিকা পালন করবে।
নজরুলের বিষয়ে ডিবি তেজগাঁও বিভাগের এক কর্মকর্তা বলেন, মরিয়মের আত্মহত্যার সময় বাসায় কে কে উপস্থিত ছিলেন, কোথায় অবস্থান করছিলেন, বিয়ের পর মরিয়মের সঙ্গে কার কেমন আচরণ ছিল, নির্যাতন করেছেন কি না, অন্য কারও প্রভাব আছে কি না—এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। স্বামী-স্ত্রী দুজনের পৃথকভাবে বয়ান নেওয়ার পাশাপাশি দুজনকে মুখোমুখি করেও বিভিন্ন বিষয়ে জানতে চাওয়া হয়েছে।
একই সঙ্গে মরিয়মের সঙ্গে নজরুলের পরিচয়, প্রণয় ও বিয়ের বিষয়গুলোও জিজ্ঞাসাবাদে উঠে এসেছে বলে জানিয়েছেন ডিবির এক কর্মকর্তা।
ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, এখনো তদন্ত চলমান আছে। আমরা দুজনকে জিজ্ঞাসাবাদ করেছি। আমি নিজেও তাদের সঙ্গে কথা বলেছি। তদন্ত শেষ হলে কীভাবে কী হয়েছে, কারও কোনো দায় আছে কি না, তা বলা যাবে।
এর আগে রোববার সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। রাতে সংসদ সদস্য নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রী মাকছুদাকে আটক করা হয়। ওই রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তার স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা মাসুম বিল্লাহ।
ঘটনার পর থেকেই পলাতক আছেন ওবায়দুর। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিবি।
গত জুলাইয়ে এমপি নজরুলের সঙ্গে মরিয়মের অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ে। পরে নজরুল জানান, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিতে চলতি বছরের ১৭ জুন তারা বিয়ে করেন।
নজরুলের সংসদ সদস্যপদ নিয়ে প্রশ্ন টিআইবির:
এদিকে কিশোরী মরিয়ম খাতুনের সঙ্গে সম্পর্ক, তাকে সংসদে চাকরি দেওয়া এবং তার বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেওয়ার প্রলোভনের অভিযোগসহ নানা ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদ বহাল থাকা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। মঙ্গলবার এক বিবৃতিতে টিআইবি এসব কথা জানায়। একই সঙ্গে মরিয়মের মৃত্যু ও এর আগে যৌন ব্ল্যাকমেল বা ‘সেক্সটরশন’-এর অভিযোগের নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্ত দাবি করেছে সংস্থাটি। পাশাপাশি জনপ্রতিনিধিদের জন্য বিশেষায়িত ও বাধ্যতামূলক নৈতিক আচরণবিধি দ্রুত প্রণয়নের আহ্বান জানিয়েছে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, নজরুল ইসলামের সংসদীয় অবস্থান নিয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা জাতীয় সংসদ ও নির্বাচন কমিশনকে স্পষ্ট করতে হবে।
সংবিধানের ৬৬(২)(ঘ) অনুচ্ছেদের বিষয়টি উল্লেখ করে টিআইবি বলেছে, নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্তত দুই বছরের কারাদণ্ড হলে একজন ব্যক্তি সংসদ সদস্য থাকার অযোগ্য হন। ফলে শুধু অভিযোগ, গ্রেপ্তার, রিমান্ড বা দলীয় তদন্তের সিদ্ধান্তের কারণে গাজী নজরুলের সাংবিধানিক অযোগ্যতা তৈরি হয় না।
তবে গুরুতর নৈতিক স্খলন, স্বার্থের সংঘাত, ক্ষমতার অপব্যবহার কিংবা সংসদের মর্যাদা ক্ষুণ্নকারী আচরণের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, তা স্পষ্ট করার দাবি জানিয়েছে টিআইবি। সংসদ সদস্যদের নৈতিক আচরণবিধি প্রণয়নের দাবি তাদের পুরোনো। ২০১০ সালে ‘দ্য মেম্বার্স অব পার্লামেন্ট কনডাক্ট বিল, ২০১০’ সংসদে উত্থাপিত হলেও তা আইনে পরিণত হয়নি। ২০২৪-পরবর্তী রাষ্ট্র সংস্কারের প্রস্তাবেও সংসদ সদস্যদের জন্য পৃথক ‘মেম্বার অব পার্লামেন্ট কনডাক্ট অ্যাক্ট’ প্রণয়নের সুপারিশ করা হয়েছে। জনপ্রতিনিধিদের সম্পদ বিবরণী প্রতি বছর হালনাগাদের বিধানসহ আইন প্রণয়নের প্রস্তাবও এসেছে। টিআইবির ভাষ্য, সমস্যা চিহ্নিত হওয়ার পরও জনপ্রতিনিধিদের জন্য কার্যকর নৈতিক আচরণবিধি প্রণয়ন না করার কারণ স্পষ্ট করা প্রয়োজন।