নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় জাহাঙ্গীর পাগল নামে এক ব্যক্তি নিহত
মো মনসুর আলী শিকদার ,নরসিংদী
প্রকাশ: Monday, 28 September, 2026, 6:05 PM
নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় জাহাঙ্গীর পাগল নামে এক ব্যক্তি নিহত
সোমবার পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়ায় সড়ক দূর্ঘটনায় জাহাঙ্গীর (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামের মৃত আজমত আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ এবং এলাকায় তিনি ‘জাহাঙ্গীর পাগল’ নামে পরিচিত। মানসিকভাবে অসুস্থ থাকায় তিনি নরসিংদীর জেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। তাকে বেশির ভাগ সময় বিভিন্ন ওয়াজ মাহফিলে দেখা যেত। গতকাল সোমবার ভোরে তাঁর মরদেহ ভাটপাড়া সড়কের পাশে পড়ে থাকতে দেখে তার পরিবারের সদস্য ও স্থানীয়রা ধারণা করছেন তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নিহতের ছোটভাই মুস্তফা ইসলাহী জানান, গত রবিবার রাতের কোন একসময় আমার বড় ভাই বাসা থেকে বের হয়ে যান। তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ। গতকাল সকালে খবর পাই তার মরদেহ ভাটপাড়া সড়কের পাশে পরে আছে। ধারণা করা হচ্ছে সড়ক দিয়ে হাঁটার সময় গাড়ির ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে মরদেহটি বাড়িতে নিয়ে পারিবারিক গৌরস্থানে দাফন করা হয়। তবে এব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে থানাকে অবহিত করা হয়নি। পুলিশ কিছুই জানেন না।