ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬ ● ১৪ আশ্বিন ১৪৩৩
ভিসা পোর্টাল অচল, ভোগান্তিতে বাংলাদেশে ভিসা আবেদনকারীরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 September, 2026, 9:00 PM

ভিসা পোর্টাল অচল, ভোগান্তিতে বাংলাদেশে ভিসা আবেদনকারীরা

ভিসা পোর্টাল অচল, ভোগান্তিতে বাংলাদেশে ভিসা আবেদনকারীরা

বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল অচল হওয়ার কারণে ভোগান্তির মুখে পড়েছেন বিদেশে বিভিন্ন দেশের ভিসা আবেদনকারীরা।

তাদের ভোগান্তির মধ্যে ভিসা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে বিলম্ব এবং আবেদন গ্রহণ করতে না পারা নিয়ে জরুরি নোটিস দিয়েছে বিভিন্ন দূতাবাস ও হাই কমিশন।

বিদেশে বাংলাদেশের কয়েকটি মিশনের কর্মকার্তারা বলেছেন, এ নিয়ে আবেদনকারীদের ফোন এবং ইমেইলে অভিযোগ পাচ্ছেন তারা। তবে কবে নাগাদ ঠিক হবে সেটির কোনো সদুত্তর দিতে পারছে না পোর্টালটি পরিচালনার দায়িত্বে থাকা পাসপোর্ট অধিদপ্তর।

মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়ও ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশ থেকে চেষ্টা করেও ঢোকা যায়নি ভিসা আবেদন ও প্রক্রিয়াকরণের কেন্দ্রীয় ওই পোর্টালটিতে (https://visa.gov.bd/)।

এদিন দুপুরে পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন) এ টি এম আবু আসাদ  বলেন, কারিগরি সমস্যার কারণে যে জটিলতা হয়েছে তা নিরসনে কাজ চলছে।

তবে কারিগরি জটিলতা কী, সে বিষয়ে খোলাসা করেননি এই কর্মকর্তা।

এদিকে পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক পদমর্যাদার এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, “গত বৃহস্পতিবার থেকে এ জটিলতা হয়। সার্ভার কাজ না করায় অনলাইনে ভিসার আবেদন ও প্রক্রিয়া করা যাচ্ছিল না।”

টানা পাঁচ দিন কাজ না করার পর মঙ্গলবার সীমিত পরিসরে চালু হওয়ার কথা বলেছেন তিনি। তবে দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, সীমিত পরিসরে ভিসা প্রক্রিয়ার কাজ চালু হলেও আবেদনের সুযোগ এখনও তৈরি হয়নি।

লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের ২৩ সেপ্টেম্বরের জরুরি নোটিসে বলা হয়, সংশ্লিষ্ট সিস্টেমে কারিগরি জটিলতার কারণে ‘নো ভিসা রিকওয়াইআর্ড’ (এনভিআর) এবং ভিসা প্রক্রিয়া করতে ও ভিসা দিতে বিলম্ব হচ্ছে।

কারিগরি জটিলতা যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করার বিষয়ে আশ্বস্ত করে হাই কমিশন বলেছে, আবেদনকারীরা যেন এ সমস্যা সমাধানের সময়টা দেন এবং হাই কমিশনে অব্যাহতভাবে অভিযোগ না জানান।

জার্মানির বার্লিন, থাইল্যান্ডের ব্যাংকক, পতুর্গালের লিসবনসহ বিভিন্ন দূতাবাসও একই ধরনের বিজ্ঞপ্তিতে দিয়েছে আবেদনকারীদের উদ্দেশে।

সোমবার ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসা সার্ভারে সাময়িক কারিগরি ত্রুটির কারণে আবেদনকারীরা ভিসা আবেদন জমা দেওয়া কিংবা ভিসা-সংক্রান্ত সেবা গ্রহণের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে পারেন।

“সংশ্লিষ্ট কারিগরি দল দ্রুততম সময়ের মধ্যে এ সমস্যা সমাধানের জন্য কাজ করে যাচ্ছে। তাই আবেদনকারীদের এই সাময়িক অসুবিধার বিষয়টি বিবেচনায় রাখার এবং সিস্টেমটি পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত জরুরি ভিসা প্রক্রিয়াকরণের ওপর নির্ভরশীল ভ্রমণ পরিকল্পনা বাদ দেওয়ার অনুরোধ করা হচ্ছে।”

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status