যশোর বাঘারপাড়ায় ১ হাজার ২৭০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Wednesday, 30 September, 2026, 6:42 PM
যশোর বাঘারপাড়ায় ১ হাজার ২৭০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার
যশোরের বাঘারপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। যশোর বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে যশোর-নড়াইল মহাসড়কে ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন—যশোর বাঘারপাড়া উপজেলার দরাজহাট মধ্যপাড়া এলাকার আবু বাক্কারের স্ত্রী মোছা. মনজুরা ওরফে ‘মনজুরা বুড়ি’ (৬০) এবং একই এলাকার রিজাউল করিমের স্ত্রী মোছা. শিউলি বেগম (৫০)।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় দুই নারীর কাছ থেকে ১ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোছা. রাফিজা খাতুন বাদী হয়ে গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।