ফুলবাড়ীতে দুর্যোগ মোকাবিলায় মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 13 October, 2026, 3:12 PM
ফুলবাড়ীতে দুর্যোগ মোকাবিলায় মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি,এই প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প মোকাবিলায় সচেতনতামূলক মহড়া, র্যালি, প্রশিক্ষণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আকতার।
অনুষ্ঠানে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগের ঝুঁকি কমানো এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। মহড়ায় আগুন নিয়ন্ত্রণের কৌশল, নিরাপদে সরে যাওয়ার পদ্ধতি এবং ভূমিকম্পের সময় আত্মরক্ষার বিভিন্ন কৌশল হাতে-কলমে দেখানো হয়।
মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আখতারুজ্জামান সওদাগর। এ সময় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ইসলামিক রিলিফ বাংলাদেশ, এমজেএসকেএস এবং অ্যাকশনএইড বাংলাদেশ।
আয়োজকেরা জানান, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও প্রস্তুতির বিকল্প নেই। এ ধরনের মহড়া ও প্রশিক্ষণ সাধারণ মানুষকে জরুরি পরিস্থিতিতে সঠিক পদক্ষেপ নিতে সহায়তা করবে।