নাটোরের লালপুরে পানির পাম্প সহ চোর চক্রের ২সদস্য গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 15 October, 2026, 4:10 PM
নাটোরের লালপুরে পানির পাম্প সহ চোর চক্রের ২সদস্য গ্রেফতার
নাটোরের লালপুরে একটি ইটভাটা থেকে চুরি হওয়া চারটি পানি তোলার পাম্প (মোটর) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মহিষাখোলা গ্রামের জামাল উদ্দিনের ছেলে ইমন (২২) ও একই গ্রামের মৃত আজাদ আলীর ছেলে মামুন (২০)। লালপুর থানা সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ভোররাতে উপজেলার চামটিয়া এলাকায় এমএসকে নামের একটি ইটভাটা থেকে চারটি পানি তোলার পাম্প চুরি হয়। ওই দিন রাত ৩টার দিকে পাম্পগুলো বন্ধ করে বাড়িতে যান ইটভাটার মালিক সবুজ আলী। পরে সকাল ৬টার দিকে ইটভাটায় ফিরে পাম্পগুলো দেখতে না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনায় ইটভাটার মালিক সবুজ আলী বাদী হয়ে লালপুর থানায় একটি চুরির মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম তদন্ত শুরু করেন। তদন্তের একপর্যায়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইমন ও মামুনকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁদের হেফাজতে থাকা চুরি হওয়া চারটি পানির পাম্প উদ্ধার করে পুলিশ। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন বৃহস্পতিবার আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।