গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় তপন চন্দ্র দাস (৫০) ও তাঁর ছেলে লিখন চন্দ্র দাস (২০) নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গী পূর্ব থানার গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তপন চন্দ্র দাস ও লিখন চন্দ্র দাসের গ্রামের বাড়ি শেরপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কৈবর্তপাড়া এলাকায়। তাঁরা গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা ২৭ নম্বর চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুল আলম জানান, শনিবার ভোর সোয়া ৪টার দিকে গাজীপুরা বিআরটি লেনের পূর্ব পাশে কুটুমবাড়ি হোটেলসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়।
সেখানে চিকিৎসক লিখন চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত তপন চন্দ্র দাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
ওসি আরও জানান, নিহত বাবা ও ছেলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।