|
দেশের প্রচুর জনসংখ্যা কে জনসম্পদে রুপান্তর করতে সরকার কাজ করছে: শিক্ষা মন্ত্রী
নতুন সময় ডেস্ক
|
![]() দেশের প্রচুর জনসংখ্যা কে জনসম্পদে রুপান্তর করতে সরকার কাজ করছে: শিক্ষা মন্ত্রী দেশের প্রচুর জনসংখ্যা কে জনসম্পদে রুপান্তর করতে সরকার কাজ করছে। আজ টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 'বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬' উপলক্ষ্যে আয়োজিত 'রিসার্চ এক্সিলেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশ বিপুল জনসংখ্যার একটি দেশ। এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষাখাতে জিডিপির দুই শতাংশ বরাদ্দ দেয়া হয়েছে। এই বাজেটকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। বরাদ্দকৃত অর্থের যেন কোন অপচয় না হয়, সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। তিনি আরো বলেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রায় ২৭০০ কোটি টাকার ডিপিপি প্রনয়নের কাজ চলমান রয়েছে। মন্ত্রী এ প্রকল্পের বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-২ আসনের সংসদ মোঃ আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোঃ আনিসুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে গবেষণায় বিশেষ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষক ও ১৯ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। শিক্ষা মন্ত্রী তাদের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, আগামী ৩১ অক্টোবর সকাল ১১ টায় এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এসময় তিনি আরো বলেন, ২০২৭ শিক্ষাবর্ষের বই যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে। এছাড়া পাঠ্যপুস্তকের মানের বিষয়ে কোন আপোষ করা হবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ২০২৭ শিক্ষাবর্ষে ৪ টি নতুন বই দেয়া হবে। সেগুলো হলো- চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 'বাংলাদেশের সংস্কৃতি' ও 'খেলাধুলা' এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 'লার্নিং উইথ হ্যাপিনেস' ও 'আমার কারিগরি শিক্ষা'। এর পাশাপাশি, শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে শেখানোর জন্য দেশের বিভাগীয় শহর, সিটি কর্পোরেশন ও জেলা শহরগুলোতে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীতে দুইটি সম্পূরক বই দেয়া হবে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
দেশের টিভির বার্তা প্রধান আখতার হোসেন সাদ্দামকে সন্ত্রাসী ‘হোয়াইট বাবু’র হত্যার হুমকি, বাসায় মহড়া
‘হয় অর্থ, নয় রক্ত’, স্বাস্থ্য কর্মকর্তাকে তুলে নেওয়ার হুমকি
চার সন্তানকে প্রতিষ্ঠিত করেও মায়ের ঠাঁই ভাড়া বাসায়, মিলল পচনধরা মরদেহ
দেশের প্রচুর জনসংখ্যা কে জনসম্পদে রুপান্তর করতে সরকার কাজ করছে: শিক্ষা মন্ত্রী
