|
কথা বলার সময় ইনফিনিক্স ফোন বিস্ফোরণ, প্রাণে রক্ষা পেলেন ব্যবহারকারী
নতুন সময় প্রতিবেদক
|
![]() কথা বলার সময় ইনফিনিক্স ফোন বিস্ফোরণ, প্রাণে রক্ষা পেলেন ব্যবহারকারী ভুক্তভোগী নাহিদ হাসান জানান, দুপুর দেড়টার দিকে ফোনে কথা বলার সময় হঠাৎ সেটি অস্বাভাবিকভাবে গরম হয়ে ওঠে। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত ফোনটি হাত থেকে মাটিতে ফেলে দেন তিনি। এর পরপরই বিকট শব্দে বিস্ফোরণের মতো ঘটনা ঘটে এবং ফোনটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে ফোনটি পুড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নাহিদ জানান, প্রায় এক বছর আগে তিনি ইনফিনিক্স হট ৬০আই মডেলের ফোনটি কিনেছিলেন। স্বাভাবিকভাবে ব্যবহার করার সময় এমন ঘটনা ঘটায় ফোনটির নিরাপত্তা ও মান নিয়ে উদ্বিগ্ন তিনি। ঘটনার ভয়াবহতা তুলে ধরে নাহিদ বলেন, আর মাত্র পাঁচ সেকেন্ড দেরি হলে ফোনটি আমার কানের কাছেই বিস্ফোরিত হতো। এতে আমার হাত, কান ও মাথার একপাশ মারাত্মকভাবে পুড়ে যেতে পারত। অল্পের জন্য বড় ধরনের শারীরিক ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন বলে মনে করছেন তিনি। দৈনন্দিন কাজে ব্যবহৃত একটি ফোন থেকে এমন বিপদের মুখে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এই ব্যবহারকারী। এর আগে ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস মডেলের একটি ফোন বিস্ফোরণে এক যুবক দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়। গত বছরের ১২ জানুয়ারি ব্যক্তিগত পড়াশোনা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তাঁর পকেটে থাকা ফোনটিতে বিস্ফোরণ ঘটে। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। দেশে একের পর এক এমন অভিযোগে গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মডেলগুলোর ব্যাটারি ও নিরাপত্তাব্যবস্থায় কোনো ত্রুটি রয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গ্রাহকেরা। তবে নারায়ণগঞ্জের ঘটনার প্রকৃত কারণ জানতে কারিগরি পরীক্ষা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন। তাৎক্ষণিক ইনফিনিক্স বাংলেদেশের বক্তব্য পাওয়া যায়নি, বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
