ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
চিলমারীতে ৯০০ কোটি টাকার বালু গবেষণা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা, অর্থনৈতিক সুফল নিয়ে বিভ্রান্তি
মোঃ মাহবুবুল হাসান,চিলমারী
প্রকাশ: Wednesday, 28 October, 2026, 10:51 AM

চিলমারীতে ৯০০ কোটি টাকার বালু গবেষণা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা, অর্থনৈতিক সুফল নিয়ে বিভ্রান্তি

চিলমারীতে ৯০০ কোটি টাকার বালু গবেষণা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা, অর্থনৈতিক সুফল নিয়ে বিভ্রান্তি

ব্রহ্মপুত্র নদের বালু থেকে মূল্যবান খনিজ পৃথকীকরণ ও প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে কুড়িগ্রামের চিলমারীতে বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য ১৫ একর জমিতে একটি পাইলট রিসার্চ প্ল্যান্ট স্থাপনের প্রস্তাব রয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৯০০ কোটি টাকা। তবে প্রকল্পের অর্থনৈতিক সুফল নিয়ে জেলা প্রশাসনের নেতিবাচক মতামতের উল্লেখ এবং বর্তমান জেলা প্রশাসকের তা অস্বীকার করায় এর অগ্রগতি নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।

বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) সূত্রে জানা গেছে, ব্রহ্মপুত্র-যমুনা নদীব্যবস্থার বালুতে থাকা মূল্যবান খনিজ সম্পদ নিয়ে গবেষণা ও সেগুলো প্রক্রিয়াজাত করার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে চিলমারীতে ১৫ একর জমিতে পাইলট প্ল্যান্ট এবং কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টগরাইহাট এলাকায় ১০ একর জমিতে একটি গবেষণা কেন্দ্র স্থাপনের প্রস্তাব করা হয়েছে।

গত ১১ জুন জিএসবির মোখলেসুর রহমান মিলনায়তনে প্রস্তাবিত কেন্দ্র নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৬ থেকে ২০৭৫ সাল পর্যন্ত ৫০ বছরের মহাপরিকল্পনার কথা তুলে ধরা হয়। নদীবাহিত বালু থেকে খনিজ পৃথকীকরণ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি উদ্ভাবন এবং এ খাতকে ঘিরে শিল্প গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।

পরিকল্পনায় ইলমেনাইট, রুটাইল, জিরকন, গারনেট, মোনাজাইট ও কোয়ার্টজের মতো খনিজ পৃথক করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এসব খনিজ রং, সিরামিক, টাইলস, ধাতব পণ্যসহ বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। এ ছাড়া বিরল মৃত্তিকা মৌল নিয়ে গবেষণা এবং জিওলজিক্যাল বিগ ডাটা সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। প্রকল্প-সংশ্লিষ্টদের মতে, উদ্যোগটি বাস্তবায়িত হলে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন ও বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হতে পারে। তবে এসব সম্ভাবনা নিশ্চিত করতে কারিগরি, পরিবেশগত ও অর্থনৈতিক সমীক্ষা প্রয়োজন।

এদিকে, গত ১৯ জুলাই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সভার কার্যবিবরণীর ১০ নম্বর আলোচ্য বিষয়ে উল্লেখ করা হয়, কুড়িগ্রাম জেলা প্রশাসনের প্রতিবেদনে প্রকল্পের সম্ভাব্য ব্যয়ের তুলনায় সরকারের প্রাপ্তি উল্লেখযোগ্য হবে না বলে অভিমত দেওয়া হয়েছে। তবে কুড়িগ্রামের বর্তমান জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এ ধরনের প্রতিবেদন পাঠানোর কথা অস্বীকার করেছেন।

জেলা প্রশাসক বলেন, তাঁর যোগদানের আগে সাবেক জেলা প্রশাসকদের সময়ে গবেষণা কেন্দ্র স্থাপনের জন্য সম্ভাব্য জমির তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল। তবে ১৯ জুলাইয়ের সভার কার্যবিবরণীতে উল্লেখ করা নেতিবাচক অভিমতের বিষয়ে তাঁর দপ্তর থেকে কোনো প্রতিবেদন পাঠানো হয়নি।

কুড়িগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল ফারুক বলেন, ব্রহ্মপুত্র অববাহিকায় মূল্যবান ও বিরল খনিজ সম্পদ থাকার সম্ভাবনা বিবেচনায় জিএসবি প্রকল্পটি প্রস্তাব করেছে। জমির সম্ভাব্যতা ও কার্যকারিতা যাচাই শেষে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে।

জিএসবির উপপরিচালক (ভূতত্ত্ব) ড. সোহেল রানা বলেন, হিমালয় থেকে ব্রহ্মপুত্র-যমুনা নদীপথে বিপুল পরিমাণ বালু আসে। এসব বালু থেকে ভারী ও হালকা খনিজ পৃথক করা গেলে মূল্যবান খনিজ পাওয়া সম্ভব। এ লক্ষ্যেই গবেষণা ও প্রক্রিয়াজাতকরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জির (আইএমএমএম) গবেষণার বরাত দিয়ে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ব্রহ্মপুত্রের বালুতে ইলমেনাইট, রুটাইল, জিরকন, ম্যাগনেটাইট, গারনেট ও কোয়ার্টজের মতো ছয়টি খনিজের সন্ধান পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির দাবি, প্রতি বর্গকিলোমিটার এলাকায় থাকা এসব খনিজের সম্ভাব্য মূল্য টেকনো-ইকোনমিক মূল্যায়ন ছাড়াই অন্তত ৩ হাজার ৬৩০ কোটি টাকা। তবে খনিজের প্রকৃত পরিমাণ, উত্তোলনযোগ্যতা ও বাণিজ্যিক মূল্য নির্ধারণে বিস্তারিত মূল্যায়ন প্রয়োজন।

এদিকে, ব্রহ্মপুত্রের চিলমারীর ভাটিতে কামারজানি, বালাশী ও মোল্লারচর এলাকায় খনিজ বালু অনুসন্ধান ও প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম পরিচালনা করছে অস্ট্রেলীয় কোম্পানি এভারলাস্ট মিনারেলস লিমিটেড। সরকারি নথি অনুযায়ী, এসব এলাকায় প্রতিষ্ঠানটির তিনটি ব্লকের খনি ইজারা রয়েছে। কোম্পানিটি খনিজ বালু অনুসন্ধান, নমুনা পরীক্ষা ও প্রক্রিয়াজাতকরণের পাশাপাশি বাণিজ্যিক উৎপাদনের উপযোগী খনিজ তৈরির লক্ষ্যে কাজ করছে। তবে গাইবান্ধায় কোম্পানিটির কার্যক্রমের সঙ্গে চিলমারীর প্রস্তাবিত সরকারি গবেষণা কেন্দ্রের কোনো চুক্তি বা যৌথ উদ্যোগ রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি শফিকুল ইসলাম বেবু বলেন, প্রকল্পের কাজ শুরুর আগেই লাভ-ক্ষতি নিয়ে নেতিবাচক অভিমত দেওয়ার বিষয়টি প্রশ্ন তৈরি করেছে। কর্মসংস্থান ও অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় প্রকল্পটি বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব বলেন, পিছিয়ে পড়া এ অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি এবং খনিজ সম্পদ ব্যবহারের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা কাজে লাগাতে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, বালু গবেষণা কেন্দ্র স্থাপনের বিষয়টি তাঁর জানা নেই। প্রকল্পটি নিয়ে কোনো জটিলতা থাকলে তা নিরসনের আশ্বাস দেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status