ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
আনসার-ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন, মিলল রিক্রুটিং লাইসেন্স
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Wednesday, 28 October, 2026, 8:44 PM

আনসার-ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন, মিলল রিক্রুটিং লাইসেন্স

আনসার-ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন, মিলল রিক্রুটিং লাইসেন্স

আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানো এবং বৈধ পথে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে গাজীপুরের সফিপুরে বাহিনীর একাডেমিতে নবনির্মিত ‘প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্র’ (পিএসটিসি) উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে বাহিনীর সহযোগী প্রতিষ্ঠান ‘প্রান্তিক শক্তি লিমিটেড’কে দেওয়া হয়েছে বৈদেশিক কর্মসংস্থানের জন্য রিক্রুটিং লাইসেন্স।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্যক্রমের উদ্বোধন ও লাইসেন্স হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

এদিন প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনের পাশাপাশি ‘প্রান্তিক ট্রাভেলস’, স্মার্ট ফেসিয়াল অ্যাটেনডেন্স সিস্টেম এবং আনসার উন্নয়ন ব্যাংকের বিদেশগমন ঋণ ও শেয়ারসংক্রান্ত কার্যক্রমও তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী একাডেমির প্রশাসনিক ভবনে ব্রিফিংয়ে অংশ নেন। পরে তিনি নবনির্মিত প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় ৬জি ওয়েল্ডিং কর্মশালা, আধুনিক ড্রাইভিং সিমুলেটর, সৌরবিদ্যুৎ প্রশিক্ষণ, ভ্রাম্যমাণ আইসিটি প্রশিক্ষণ বাস, কুটিরশিল্প, জাপানি ভাষা প্রশিক্ষণ ও ল্যাঙ্গুয়েজ ল্যাবসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ সুবিধা পরিদর্শন করেন। প্রশিক্ষণ কার্যক্রমের আধুনিক সুযোগ-সুবিধা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

পরে একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত মূল অনুষ্ঠানে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ‘প্রান্তিক ট্রাভেলস’ ও ফেসিয়াল অ্যাটেনডেন্স সিস্টেমের উদ্বোধন করা হয়। এ সময় আভি ওয়েলফেয়ার ট্রাস্টের সঙ্গে সমঝোতা চুক্তির আওতাভুক্ত তিনটি জাপানি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভার্চুয়ালি যুক্ত হয়ে আনসার-ভিডিপির সদস্যদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের জীবনমান উন্নয়নে বৈদেশিক কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় প্রশিক্ষণ সক্ষমতা আধুনিকায়ন করা হয়েছে। জাপানের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রীর জাপান সফরকে কেন্দ্র করে সৃষ্ট প্রায় দুই লাখ কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগাতে আনসার-ভিডিপির প্রশিক্ষিত জনবল প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের গ্রহণযোগ্যতা বাড়াতে দক্ষতা ও সংশ্লিষ্ট বিধিবিধান মেনে চলা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সঙ্গে আনসার-ভিডিপির তৃণমূল পর্যায়ের নেটওয়ার্ক সমন্বিতভাবে কাজ করতে পারে।

ডিজিটাল ডেটাবেজের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি নিজস্ব গ্রাহকসেবা ব্যবস্থার (সিআরএম) মাধ্যমে বিদেশে কর্মরত সদস্যদের প্রয়োজনীয় সেবা ও নিরাপত্তা সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর ক্ষেত্রে সরকারের বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নে আনসার-ভিডিপির প্রশিক্ষণ প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রিক্রুটিং লাইসেন্স পাওয়ার মধ্য দিয়ে বাহিনীর বৈদেশিক কর্মসংস্থান কার্যক্রম আরও প্রাতিষ্ঠানিক, গতিশীল ও কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, আনসার-ভিডিপির প্রশিক্ষণ কার্যক্রম টিটিসিগুলোর সঙ্গে সমন্বয় করে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। এসব প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে কর্মরত বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা ও সক্ষমতা তুলে ধরা সম্ভব হবে। তবে বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে প্রচলিত বৈধ প্রক্রিয়া ও নিয়মকানুন কঠোরভাবে অনুসরণ করতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, ‘প্রান্তিক শক্তি লিমিটেড’কে রিক্রুটিং লাইসেন্স প্রদান এবং আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র চালুর ফলে আনসার-ভিডিপির সদস্যদের জন্য বৈধ ও নিরাপদ বৈদেশিক কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।

আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কারিগরি, প্রযুক্তিগত ও ভাষাগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি বিদেশগমনে মধ্যস্বত্বভোগীদের শোষণ কমাতেও এ উদ্যোগ ভূমিকা রাখতে পারে।
এ ছাড়া আনসার উন্নয়ন ব্যাংকের সহজ শর্তের প্রবাসী ঋণ এবং ডিজিটাল সেবার সংযোজন বিদেশগমনের আর্থিক ও প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে বাহিনীর পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, একাডেমির কমান্ড্যান্ট ও অতিরিক্ত মহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেলসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status