ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১ নভেম্বর ২০২৬ ● ১৬ কার্তিক ১৪৩৩
রহস্যের তুরাগ: তাহসিফ সাউরির অকালমৃত্যু যে প্রশ্ন রেখে গেল?
নাজমুল হক শ্যামল; সম্পাদক, দৈনিক নতুন সময়
প্রকাশ: Sunday, 1 November, 2026, 3:34 PM
সর্বশেষ আপডেট: Sunday, 1 November, 2026, 3:37 PM

রহস্যের তুরাগ: তাহসিফ সাউরির অকালমৃত্যু যে প্রশ্ন রেখে গেল?

রহস্যের তুরাগ: তাহসিফ সাউরির অকালমৃত্যু যে প্রশ্ন রেখে গেল?

রাজধানীর উত্তরা থেকে বের হওয়ার পর ভয়েস মেসেজে মায়ের কাছে ফিরে আসার কথা জানিয়েছিলেন ২৮ বছর বয়সী সাবেক বিমানবাহিনীর কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি। কিন্তু তিনি আর ফেরেননি; পরদিন বিকেলে তাঁর মৃতদেহ ভেসে উঠল তুরাগ নদে। সুরতহাল প্রতিবেদনে বাহ্যিক আঘাতের চিহ্ন না থাকার কথা বলা হলেও, নাক দিয়ে রক্ত পড়া এবং তাঁর ব্যবহার করা মোটরসাইকেলটির খোঁজ না পাওয়ার মতো ঘটনাগুলো এই মৃত্যুকে স্রেফ একটি ‘দুর্ঘটনা’ হিসেবে মেনে নেওয়ার সুযোগ রাখে না।

জুলাই আন্দোলনের পটপরিবর্তনের পর এবং তাঁর চাকরিচ্যুতি কিংবা বিভিন্ন ভিডিওর যোগসূত্র নিয়ে যখন নানা গুঞ্জন তৈরি হয়েছিল, তখন একজন তরুণ সাবেক সেনা কর্মকর্তার এ ধরনের রহস্যজনক মৃত্যু আমাদের রাষ্ট্র ও নিরাপত্তা ব্যবস্থার কঙ্কালসার চিত্রই যেন আবার সামনে নিয়ে এল। তাঁর বাবা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন—এটি আত্মহত্যা নয়। পরিবার একে স্পষ্ট হত্যাকাণ্ড বলে দাবি করছে। কিন্তু দুঃখজনক হলো, একটি প্রাণ ঝরে যাওয়ার পরও দায়িত্বশীল মহল থেকে যে ধরনের দ্রুত ও স্বচ্ছ জবাবদিহি আমরা আশা করি, তা এখনো অনুপস্থিত।

প্রশ্ন হলো—উত্তরার বাসা থেকে বের হওয়া এক সাবেক সামরিক কর্মকর্তার মৃতদেহ কেন তুরাগ নদ থেকে উদ্ধার হবে? তিনি যাঁদের ডাকে বাসা থেকে বের হয়েছিলেন, কিংবা ঘটনার পেছনে কারা ছিলেন—তা উদ্ঘাটন কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ নয়? শুধু ময়নাতদন্ত প্রতিবেদনের দোহাই দিয়ে কালক্ষেপণ করার সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। অতীতেও আমরা দেখেছি, অনেক সংবেদনশীল মৃত্যু নিয়ে তদন্তের নামে কালক্ষেপণ করতে করতে আসল সত্য তলিয়ে যায়।

তাহসিফের মৃত্যু কেবল একটি পরিবারের আলো নিভিয়ে দেয়নি; এটি দেশজুড়ে প্রতিরক্ষা কমিউনিটি এবং সাধারণ মানুষের মনে গভীর শঙ্কা ও প্রশ্নের জন্ম দিয়েছে। জুলাই-পরবর্তী বাংলাদেশে আমরা একটি নতুন ও জবাবদিহিমূলক ব্যবস্থার স্বপ্ন দেখেছিলাম। অথচ সেই রাষ্ট্রে একজন তরুণের এমন রহস্যজনক মৃত্যু এবং তার বাইকটি পর্যন্ত গায়েব হয়ে যাওয়ার ঘটনা প্রমাণ করে—নাগরিকের জীবনের নিরাপত্তা আজও কতোটা ভঙ্গুর।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আর সময়ক্ষেপণ না করে অতি দ্রুত প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে। এটি আত্মহত্যা নাকি ঠান্ডা মাথায় ঘটানো কোনো হত্যাকাণ্ড—তার নেপথ্য কুশীলবদের প্রকাশ্যে আনতে হবে। 
স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত ছাড়া এই মৃত্যুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে তা কেবল বিচারহীনতার সংস্কৃতিকেই দীর্ঘায়িত করবে। তাহসিফের পরিবারের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে, আর রাষ্ট্রের দায়িত্ব সেই সত্য উন্মোচন করা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status