এই সময়ে যেখানে নাটকের বাজেট স্বল্পতা আর অসুস্থ পরিবেশের দোহাই দিয়ে অনেকেই নাটক থেকে দূরে সরে যাচ্ছেন বা বেকারত্বের হাত থেকে বাঁচতে বিকল্প পথ হিসেবে ওয়েব সিরিজ কিংবা ওয়েব ফিল্মে আশ্রয় খুঁজছেন, সেখানে ক্রমেই দ্যূতি ছড়াচ্ছেন মেহজাবীন চৌধুরী। নান্দনিক অভিনয় দিয়ে দর্শক মনে ঠাই করে নিয়েছেন শক্ত আসন।
প্রচলিত ধারা থেকে একটু বাহিরে গিয়ে কাজ করে অনেকেই তাকে বলে ব্যতিক্রম! আর ব্যতিক্রমই সর্বমহলকে একটু বেশি আকৃষ্ট করে। সারাবছরই নাটকের কাজ নিয়ে ব্যস্ত থাকেন তিনি। বিশেষ নাটক এমনকি একক নাটকের ক্ষেত্রে মেহজাবীন যেন বর্তমান সময়ের অপরিহার্য এক অভিনেত্রীর নাম। শুধু তাই নয়, সময়ের সবচেয়ে চাহিদাসম্পন্ন নায়িকা হিসেবেও বিবেচিত হচ্ছেন এ তরুণ অভিনেত্রী। বিজ্ঞাপনচিত্রের পারিশ্রমিকের ক্ষেত্রে সমসাময়িক অভিনেত্রীর চেয়ে এগিয়ে রয়েছেন তিনি।
গেল মাসে এই অভিনেত্রীর শোবিজে পথচলার এক দশক পূর্ণ হলো। দেখতে দেখতেই এই অঙ্গনে কেটে গেলো দশটি বছর। পা মারিয়েই একটু একটু করেই কাজ দিয়ে নিজের একটা শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন। হাঁটতে চান আরও অনেকটা পথ।
এক দশক পাড়ি দেওয়া নিয়ে বেশ উচ্ছ্বসিত মেহজাবীন বলেন, ‘দেখতে দেখতে মিডিয়া জীবনের এক দশক পেরিয়ে গেলো। অথচ ভাবলে অবাক হই, মনে হয় এই তো মাত্র কয়েকদিন আগের কথা। আমি আমার আজকের অবস্থানের পেছনে আমার বাবা মায়ের প্রতি ভীষণ কৃতজ্ঞ। কারণ আমার বাবা আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। আর আমার মা আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করেছেন, এগিয়ে যাবার পথে অনুপ্রেরণা দিয়েছেন।’
মেহজাবীনের পৈতৃক নিবাস চট্টগ্রামে হলেও শৈশবে বেড়ে উঠেছেন সংযুক্ত আরব আমিরাতে। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়। এরপর দেশে ফিরে শান্ত-মরিয়াম বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেন। ও লেভেলে পড়াশুনা করার সময় তিনি লাক্স সুন্দরী প্রতিযোগীতায় অংশ নেন। ২০০৯ সালে 'লাক্স চ্যানেল আই সুপারস্টার' সুন্দরী প্রতিযোগীতায় বিজয়ী হওয়ার মধ্য দিয়ে শোবিজে পা রাখেন তিনি। এরপর একে একে নাটক ও বিজ্ঞাপনে হাজির হয়ে দর্শকদের মন কাড়েন।
লাক্স থেকে বের হওয়ার পর মেহজাবীন অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। এরপর তিনি একে একে কাজ করেন ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘মেয়ে শুধু তোমার জন্য’, ‘আজও ভালোবাসি মনে মনে’, ‘হাসো আন লিমিটেডসহ’ বেশকিছু নাটকে। ২০১৩ তে শিখর শাহনিয়াত পরিচালিত নাটক ‘অপেক্ষার ফটোগ্রাফি’ ছিল মেহজাবীন এর জন্য বড় একটি টার্নিং পয়েন্ট।
এরপর ২০১৭ সালের ঈদুল আযহায় মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় বড় ছেলে’তে অভিনয় করে আবারও শীর্ষে চলে আসেন এই অভিনেত্রী। দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয় মেহজাবীন ও জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত এই নাটকটি।
নাটকের বাইরে বিজ্ঞাপনেও বেশ আলোচিত এই অভিনেত্রী। বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করে হয়েছেন প্রশংসিত। চলতি বছরেই বেশ কিছু বিজ্ঞাপনে অংশ নিয়েছেন তিনি। সিয়াম আহমেদের সঙ্গে বাংলালিংকের বিজ্ঞাপনে জুটি বেঁধে নতুন করে আলোচনায় আসেন তিনি। এরমধ্যে সম্প্রতি নতুন আরেকটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন তিনি।