ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
দাদাদের দেশেও পেঁয়াজ লাগামহীন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 December, 2019, 11:25 AM

দাদাদের দেশেও পেঁয়াজ লাগামহীন

দাদাদের দেশেও পেঁয়াজ লাগামহীন

আমাদের দুঃসময়ের সাথী বন্ধুরাষ্ট্র ভারতকে ‘দাদাদের দেশ’ বলে রসিকতাটা বহু যুগের। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পেঁয়াজের দামে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য অপেক্ষাকৃত কম দামে পেঁয়াজ রপ্তানি করে একপ্রকার সাহায্য করে ভারত। তবে সেই ভারতেও কিছু জায়গায় পেঁয়াজের মূল্য লাগাম ছাড়িয়েছে। মুর্শিদাবাদের বেশ কিছু বাজার এবং কলকাতার একটি বাজারে বুধবার পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫০ রুপি কেজি দরে। এদিকে রাজ্য সরকারের টাস্ক ফোর্সও সাফ জানিয়ে দিয়েছে চলতি মাসে সঙ্কট শেষ হওয়ার সম্ভাবনা কম।

ছোট বাজারসহ ওই এলাকার হরিহরপাড়া বাজারে এ দিন পেঁয়াজ বিক্রি হয়েছে কেজি-প্রতি ১৫০ রুপিতে। কোলকাতায় তো পেঁয়াজের দাম আকাশচুম্বী। সেখানের বাজারে মুর্শিদাবাদ অপেক্ষা পেঁয়াজের দাম আরও বেশি। রাজ্য সরকারের টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে বলেন, ‘শীতে অন্যান্য আনাজের দাম কমতে শুরু করেছে। কিন্তু এ মাসে পেঁয়াজের সঙ্কট চলবে বলেই আশঙ্কা হচ্ছে।’ দিল্লিতেও পেঁয়াজের দাম সেঞ্চুরি করে ফেলেছে। পেঁয়াজ নিয়ে সংসদে এ দিন সরব হন বিরোধীরা। তাঁদের প্রশ্নের মুখে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, মহারাষ্ট্রের মতো রাজ্যে বন্যার ফলে উৎপাদন মার খেয়েছে। সীতারামন দাবি করেন, দাম নিয়ন্ত্রণে সরকার কম দামে পেঁয়াজ সরবরাহ করছে। রফতানি বন্ধ হয়েছে। পাইকারি ব্যবসায়ী ও আড়তদারের জন্য মজুতের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে। দাম কবে নাগালের মধ্যে আসবে, তা নিয়ে কোনও প্রতিশ্রুতি দিতে পারেননি নির্মলা। বিরোধী বেঞ্চ থেকে প্রশ্ন উড়ে আসে, ‘আপনি কত দামে পেঁয়াজ কিনছেন?’’ নির্মলার জবাব, ‘‘আমি এমন পরিবার থেকে আসি, যেখানে পেঁয়াজ-রসুন ঢোকে না।’

তবে কলকাতায় টাস্ক ফোর্সরা দাবি করেছেন, চাহিদার তুলনায় বাইরের রাজ্যগুলি থেকে পর্যাপ্ত জোগান না-আসাতেই সমস্যা। কলকাতায় অন্যান্য দিন যেখানে পেঁয়াজের ২৫-৩০টি গাড়ি আসে, এ দিন সেখানে এসেছে মাত্র চারটি। পাইকারি বাজারেই পেঁয়াজের কেজি ১২০ টাকা। টাস্ক ফোর্সের সদস্য কমল দে বলেন, ‘রাজ্যে প্রতিদিন ৭০ হাজার মেট্রিক টন পেঁয়াজ লাগে। অর্ধেকও আসছে না। তবে পেঁয়াজের আগুন দর দেখে হতবাক হরিহরপাড়া, নওদার চাষিরা। কয়েক মাস আগেও তাঁরা পেঁয়াজ বিক্রি করেছেন সাড়ে তিন থেকে সর্বাধিক ছয় টাকা কেজি দরে। নওদার চাষিরা বলছেন, সংরক্ষণের ব্যবস্থা না-থাকায় খেত থেকে তুলেই কম দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হন তাঁরা। অন্যদিকে রাজ্য সরকারের সুলভ মূল্যের বাজার বা ভ্রাম্যমাণ গাড়িগুলিতে ৫৯ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। আপাতত এই পদ্ধতি চালু থাকবে বলেই টাস্ক ফোর্স জানায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status