ইতালিতে মায়ের চোখের সামনেই জানালা দিয়ে পড়ে বাংলাদেশি প্রবাসীর চার বছরের শিশুকন্যার মৃত্যু হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) ইতালির উত্তরের জেনোয়া শহরে এ দুর্ঘটনা ঘটে। মেয়েটির বাবা জানান, তাসনোভা হোসেন আদিবা নামের ওই শিশুটি মায়ের চোখের সামনে জানালা দিয়ে পড়ে যায়। প্রচণ্ড শীতের কারণে ছোট মেয়েকে ঘরে রেখে আদিবার মা শামীম আরা স্কুলে যায় অন্য দুই সন্তানকে নিয়ে আসতে। আদিবা উপর থেকে তার মাকে দেখে জানালা খুলে নিচের দিকে তাকাতেই পড়ে যায়। তা দেখে আদিবার মা দৌড়ে গিয়েও রক্ষা করতে পারেনি মেয়ে।
মুমূর্ষু অবস্থায় রক্তাক্ত মেয়েটিকে নিয়ে পাশেই স্বামী মনোয়ার হোসেনের দোকানে যান শামীম আরা। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর মা মানসিকভাবে ভেঙে পড়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে মেয়েটির মা এখন বাসায় অবস্থান করছেন। জেনোয়া প্রবাসী মনোয়ার হোসেন মুন্নার তিন সন্তান রয়েছে। মেয়েটির বাবা আরও জানান, পুলিশ তাদের দু’জনকে থানায় ডেকে নিয়ে যায় এবং সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মনোয়ার হোসেনের গ্রামের বাড়ি শরীয়তপুরে।