বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, থার্টিফার্স্ট নাইটে সন্ধ্যার পর বাইরে কনসার্ট বা যেকোন অনুষ্ঠান করা যাবে না। তবে সন্ধ্যার পর ঘরে, হোটেলে বা বদ্ধ জায়গায় অনুষ্ঠান করা যাবে। সেক্ষেত্রে নিরাপত্তা দেবে পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) চাঁদপুর পৌর এলাকার বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের ১০ যুগপূর্তির অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, ১৪, ১৬, ২৫ ডিসেম্বর পালনের জন্য যে নিরাপত্তা দিয়ে থাকি, সেরকম থার্টিফার্স্ট নাইটেও দিবো।
তিনি আরও বলেন, থার্টিফাস্ট নাইটে সুনির্দিষ্ট কোনও ঝুঁকি না থাকলেও সম্ভাব্য যেকোনও ঝুঁকি মাথায় রেখে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকি। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আমরা পুলিশের প্রত্যেকটি ইউনিটকে নির্দেশনা দিয়েছি, থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠানগুলো যাতে সঠিকভাবে হতে পারে।
অনুষ্ঠানে চাঁদপুরের পুলিশ সুপার মাহাবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামানসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।