প্রকাশ: Wednesday, 29 April, 2020, 3:19 PM সর্বশেষ আপডেট: Wednesday, 29 April, 2020, 3:23 PM
মিরপুরের পল্লবীতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ
রাজধানীর মিরপুর ১২ নম্বরে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা।
বুধবার সকাল সাড়ে ১০টায় মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ডে শতাধিক পরিবহন শ্রমিক রাস্তায় বসে বিক্ষোভ করতে থাকেন। এ সময় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করা হয়।
মিরপুর ১০ নম্বর থেকে আসা কোনো পরিবহন মিরপুর ১২ নম্বরে চলাচল করতে দেননি বিক্ষুব্ধ শ্রমিকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আশপাশের পরিবহন শ্রমিকরা এই বিক্ষোভে যোগ দেন।
বেলা সাড়ে ১১টায় র্যাবের একটি ভ্রাম্যমাণ দল পরিবহন শ্রমিকদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করে। এ সময় পরিবহন শ্রমিকরা পেটে ভাত নাই, ভাত নাই বলে স্লোগান দিলে র্যাবের দল চলে যায়।
বিক্ষোভকারী কয়েকজন শ্রমিক বলেন, করোনা শুরু থেকে এ পর্যন্ত কোনো ত্রাণ মেলেনি তাদের ভাগ্যে। কাউন্সিলর ও এমপির অফিসে তালিকায় নাম উঠালেও কোনো সাহায্য অসেনি। বরং দিনের পর দিন না খেয়ে থাকতে হয়েছে। কেউ সাহায্য করেনি। ক্ষুধার জ্বালায় তারা রাস্তায় নেমেছে।
পল্লবী থানার ওসি অপারেশন ইমরান বলেন, পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করছি। ত্রাণের ব্যাপারেও সহযোগিতা করব।
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, আন্দোলনরত কয়েক জন শ্রমিককে থানায় ডেকে সমাধানের চেষ্টা করছি।