করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিপর্যস্ত ব্রিটেন। মরদেহ দাফন নিয়ে মুসলিম কমিউনিটিতে তৈরি হয়েছে নানা সংকট। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে একদিনে মারা গেছেন ৬২১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ১৩১ জনে।
ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর গতি কিছুতেই নিয়ন্ত্রণে আসছেনা। এতে করে মারা যাওয়া মুসলমানদের দাফন হিমশিম খেতে হচ্ছে। লোকবল সংকটের কারণে মরদেহ দাফনে সেবা প্রদানকারী অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। আর তাই এ সংকট নিরসনে মরদেহ সংরক্ষণ, দাফনসহ বিশেষ সেবা নিয়ে প্রকল্প চালু করেছে ইস্ট লন্ডন মসজিদ। প্রস্তুত রয়েছেন অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক কর্মী।
বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতেই কমিউনিটির মানুষের আর্থিক সহযোগিতায় ভাড়া করা জায়গায় জরুরি ভিত্তিতে ফিউনারেল সার্ভিস ও মরদেহ সংরক্ষণ কার্যক্রম চালু করেছে মসজিদ কর্তৃপক্ষ।
ব্রিটেনে একজন মুসলমান মারা গেলে তার কবরের জায়গাসহ দাফনে খরচ হয় বাংলাদেশি টাকায় ৪ লাখের মতো। তবে বিশেষ ব্যবস্থায় এখন এ খরচ অর্ধেক হচ্ছে বলে জানান ইস্ট লন্ডন মসজিদের এই পরিচালক।
বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মালিকানাধীন কবরস্থান 'ইটারনেল গার্ডেন' যেখানে ৭ হাজার কবরের জায়গা রয়েছে। নতুন এই ফিউনারেল সার্ভিসে মরদেহ দাফনে বিষয়ে মুসলমানদের দুশ্চিন্তা কমেছে অনেকটা।