কথায় কথায় গুলি চালাত নগরীর চান্দগাঁও এলাকার সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার রাজু বাদশা (৩০)। তিনি এলাকায় হামকা রাজু নামে পরিচিত। তাকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার সকালে নগরীর চান্দগাঁও বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজু নগরীর চান্দগাঁও বহদ্দারহাট কসাইপাড়া এলাকার জয়নাল আবেদীন জুনুর ছেলে। তার বিরুদ্ধে ছিনতাই, হত্যাচেষ্টাসহ নগরীর বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।
জানা যায়, সম্প্রতি চাঁদার জন্য চান্দগাঁও থানার কাছেই একটি সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে তাণ্ডব চালায় হামকা রাজু ও তার গ্রুপ। এর আগে জমি ও বাড়ি দখলে গিয়ে ব্যাপক তা-ব চালিয়েছে তারা। প্রকাশ্যে ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করেছিল। স্থানীয়দের অভিযোগ, কথায় কথায় অস্ত্র প্রদর্শন কিংবা গুলি করত ভয়ঙ্কর এই সন্ত্রাসী। বহদ্দারহাট খাজা রোড এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।
র্যাব-৭ চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, সে এলাকায় কিশোর গ্যাংয়ের নেতা। দীর্ঘদিন ধরে সে অস্ত্র দেখিয়ে মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজি করত। তার বিরুদ্ধে আগে থেকে বিভিন্ন থানায় মামলা ও সাধারণ ডায়েরি রয়েছে। তাকে গ্রেপ্তারের পর চান্দগাঁও থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আতাউর রহমান বলেন, রাজুকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।