মানিকগঞ্জের হরিরামপুরে হাবেজা বেগম নামের এক নবনির্বাচিত নারী ইউপি মেম্বারের ওপর হামলা চালিয়ে কান ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পরাজিত নারী প্রার্থী নার্গিস আক্তারের বিরুদ্ধে।
শুক্রবার সকালে ঐ উপজেলার যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আবেজা বেগম বয়ড়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার।
স্থানীয়রা জানায়, বিপুল ভোটে জয়ী হন হাবেজা বেগম। একই এলাকার কলম প্রতীকের প্রার্থী নার্গিস আক্তার তার কাছে পরাজিত হন। শুক্রবার সকালে হাবেজা বেগম বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। ঐ সময় নার্গিস আক্তার দেশীয় অস্ত্র ও লোকজন হামলা চালান। এতে হাবেজা বেগমের কান ছিঁড়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগীর স্বামী রতন প্রামাণিক বলেন, আমার স্ত্রী বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। পেছন থেকে পরাজিত প্রার্থী নার্গিস আক্তার ও তার স্বামী রউফ মোল্লাসহ কয়েকজন দেশী অস্ত্র নিয়ে হামলা করে। হামলায় আমার স্ত্রীর কান ছিঁড়ে যায়।
অভিযুক্ত নার্গিস আক্তার বলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় বিজয়ী প্রার্থী আমাকে গালিগালাজ করেন। আমার দিকে মারতে আসলে আমি ধাক্কা দেই। পরে গিয়ে তার কান ছিঁড়ে যায়।
হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।