দেশ প্রেমিক ছাত্র জনতার গণঅভ্যুথনে ১৫ বছরের আওয়ামীলীগ ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান উপলক্ষে বরগুনার পাথরঘাটায় দীর্ঘ ১৫ বছর পর বিএনপির ঐক্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) সকাল দশটায় পাথরঘাটার কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগাহ্ মাঠে হাজার হাজার জনতার উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-২ আসেনের সাবেক সংসদ সদস্য ও বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম মণি।
সাবেক এমপি নুরুল ইসলাম মণি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুথনে স্বৈরাচারের পতন হয়েছে, দীর্ঘ ১৫ বছর বাংলাদেশকে শাসন করেছে, জনগণকে কষ্ট দিয়েছে। এখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, তার সাথে এখন সাধারণ জনগণ নেই।
তিনি আরও বলেন, এই শেখ হাসিনা তিন ধরণের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। একবার করছে ভোটবিহীন নির্বাচন, একবার করছে রাতের নির্বাচন, আরেকবার করছে ডামি নির্বাচন। এ রকমের করে তারা ক্ষমতায় থেকেছে। তারা বিএনপি, জামায়াত বা অন্য কোন দলকে মাঠে নামতে দেয়নি। নেতাকর্মীদের হামলা, মামলা, জেল জুলুম দিয়েছে। সবশেষ জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ আইন করে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপির সার্বিক সহযোগিতা করতে হবে, আমাদের তারেক রহমানও বলেছেন এই সরকারের সহযোগিতা করা এবং কোন রকম সহিংসতা না করতে।
বক্তব্যের শেষে নুরুল ইসলাম মণি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতার জন্য দু'হাত তুলে দোয়া ও মোনাজাত করেন।