|
ঘুরতে বেরিয়ে নিখোঁজ; সাত দিন পর খালে মিললো গৃহবধূর মরদেহ, স্বামীকে খুঁজছে পুলিশ
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() ঘুরতে বেরিয়ে নিখোঁজ; সাত দিন পর খালে মিললো গৃহবধূর মরদেহ, স্বামীকে খুঁজছে পুলিশ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের তচ্ছাখালী ব্রিজের পশ্চিম পাশে পথচারীরা দুর্গন্ধ পেয়ে খালে ভাসমান একটি বড় বস্তা দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে। পরে রাত ৯টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্য যাচাই করে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। নিহত রহিমা আক্তার দক্ষিণ জালিয়াপালংয়ের আমির হোসেনের মেয়ে ও হলদিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা জসিম উদ্দিনের স্ত্রী। পরিবার জানায়, গত ৬ নভেম্বর স্বামী জসিম উদ্দিন তাকে “ঘুরতে নিয়ে যাবে” বলে রহিমাকে বাবার বাড়ি থেকে বের করে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সাত দিন পর তার মরদেহ খাল থেকে উদ্ধার হলেও স্বামী জসিম উদ্দিন পলাতক রয়েছে। পরিবার ও স্থানীয়দের অভিযোগ—দাম্পত্য কলহের জেরে জসিম উদ্দিন স্ত্রীকে হত্যা করে মরদেহ বস্তায় ভরে খালে ফেলে দিয়েছে। হলদিয়াপালং ইউনিয়নের ইউপি সদস্য মনজুর আলম বলেন, “নরপশু স্বামী জসিম উদ্দিন কে খুঁজে বের করে আইনের আওতায় আনা সম্ভব হলে হত্যাকাণ্ডের রহস্য বের হবে। আমরা দ্রুত ঘাতকের বিচার চাই।” উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, “প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। পারিবারিক কারণে এমন ঘটনা ঘটতে পারে। ঘাতক স্বামীকে গ্রেপ্তারে আমাদের টিম কাজ করছে।” তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকারীকে ধরতে অভিযান আরও জোরদার করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
