ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
দীর্ঘ দুই দশক পর গাজীপুরে তারেক রহমানের জনসভা, বিএনপিতে উৎসবের আবহ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 26 January, 2026, 4:34 PM

দীর্ঘ দুই দশক পর গাজীপুরে তারেক রহমানের জনসভা, বিএনপিতে উৎসবের আবহ

দীর্ঘ দুই দশক পর গাজীপুরে তারেক রহমানের জনসভা, বিএনপিতে উৎসবের আবহ

দীর্ঘ প্রায় দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাজীপুরে আগমনকে ঘিরে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে এই জনসভাকে ঘিরে দলটির সাংগঠনিক তৎপরতাও তুঙ্গে।

আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টায় গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে কয়েক দিন ধরেই শহরজুড়ে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সাজানো হয়েছে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলো।

দলীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর ৯ মাস ২৮ দিন পর গাজীপুরে জনসভায় বক্তব্য রাখতে আসছেন তারেক রহমান। সর্বশেষ ২০০৫ সালের ২৯ মার্চ তিনি গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন। সে সময় বিএনপির তৎকালীন মহাসচিব মরহুম আব্দুল মান্নান ভূঁইয়া ছিলেন প্রধান অতিথি।

ওই সম্মেলনে ঢাকা, মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় তিন হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। তখন তারেক রহমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন এবং সম্মেলনের সমন্বয়কের দায়িত্বে ছিলেন তৎকালীন ছাত্রবিষয়ক সম্পাদক ফজলুল হক মিলন।

আসন্ন জনসভাকে সফল করতে রোববার বিকেলে ভাওয়াল রাজবাড়ী মাঠ পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতারা। এ সময় তারা মঞ্চ নির্মাণ, জনসমাগম নিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

নেতারা জানান, জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে গাজীপুর মহানগর বিএনপিকে সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যে পৃথক শৃঙ্খলা কমিটি গঠনসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এর আগে টঙ্গীতে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারের বাসভবনে জনসভা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাসান উদ্দিন সরকার এবং সঞ্চালনা করেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি।

প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, “দীর্ঘ ২০ বছর পর তারেক রহমান ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে ভাষণ দেবেন। এটি গাজীপুরবাসীর জন্য এক ঐতিহাসিক অধ্যায়।”

তিনি আরও বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের সার্বিক উন্নয়নের একটি বাস্তবভিত্তিক রূপরেখা। কৃষি, শিল্প, কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণ এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বাবুল বলেন, ভাওয়াল রাজবাড়ী মাঠ বিএনপির রাজনৈতিক ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের স্মৃতিবিজড়িত এই স্থানে জনসভা দলীয় ঐতিহ্যের ধারাবাহিকতার প্রতিফলন।

এদিন সন্ধ্যায় সভাস্থল পরিদর্শনে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, বিএনপি নেতা সালাউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননিসহ অন্যান্য নেতৃবৃন্দ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status