|
রামগঞ্জে ধানের শীষের জয়ের প্রত্যাশায় ঐক্যবদ্ধ বিএনপি
রায়হানুর রহমান, রামগঞ্জ
|
![]() রামগঞ্জে ধানের শীষের জয়ের প্রত্যাশায় ঐক্যবদ্ধ বিএনপি প্রতীক বরাদ্দের পর লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। গত ২১ জানুয়ারি বুধবার শাহাদাত হোসেন সেলিম রামগঞ্জ উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের হযরত শাহ মিরান (র.) মাজার শরীফ জেয়ারতের মাধ্যমে তার প্রচারণা কার্যক্রম শুরু করেন। এরপর তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা অব্যাহত রাখেন। ভোর থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ, পথসভা ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপির এই প্রার্থী। প্রচারণাকালে তিনি ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহাদাত হোসেন সেলিম বলেন, “আমার মনোনয়নকে কেন্দ্র করে আজ রামগঞ্জের বিএনপি এক ও অভিন্ন। লক্ষ্মীপুর-১ আসন ঐতিহাসিকভাবে বিএনপির ঘাঁটি। প্রবীণদের মধ্যে আমাদের জনপ্রিয়তা আকাশচুম্বী এবং তরুণদের মাঝেও বিএনপির ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। নেতাকর্মীরা রাতদিন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ, বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকে জয়লাভ করবো।” উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম (রহিম ভিপি) বলেন, “ধানের শীষের জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। অতীতের বিভক্তি ভুলে নেতাকর্মীরা এখন ঐক্যবদ্ধ। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে একযোগে কাজ চলছে।” জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন মিয়া জানান, ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে জয়ী করতে দলের সর্বস্তরের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, “আমরা বিজয়ী হয়ে এ আসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই।” এদিকে, রামগঞ্জ আসনে জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের কেন্দ্রীয় এনসিপির যুগ্ম আহবায়ক মাহাবুব আলম (শাপলা কলি প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারী (হাতপাখা প্রতীক) এবং জাতীয় পার্টির প্রার্থী মাহামুদুর রহমান (লাঙ্গল প্রতীক)-এর প্রচারণাও লক্ষণীয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
