|
২৭ মার্চ থেকে শুরু হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’
নতুন সময় প্রতিনিধি
|
![]() ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ বুধবার (২৫ মার্চ) কক্সবাজার ফিল্ম ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এ তথ্য জানান। জানা যায়, আগামী ২৭ মার্চ শুক্রবার বিকাল ৪টায় সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টস্থ জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে উৎসবের পর্দা উঠবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান। উদ্বোধনী প্রদর্শনী হিসেবে দেখানো হবে একটি প্রামাণ্যচিত্র। এরপর পর্যায়ক্রমে প্রদর্শিত হবে বন্ধন বিশ্বাস পরিচালিত “ছায়াবৃক্ষ”, অপূর্ব রানা পরিচালিত “জলরং” এবং বড়ুয়া সুনন্দা কাকন পরিচালিত বাংলাদেশের প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র “ডট”। উৎসবের দ্বিতীয় দিন, ২৮ মার্চ শনিবার সমাপনী দিনে প্রদর্শিত হবে সবুজ খান পরিচালিত “বেহুলা দরদী”, মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত “ময়নার চর” এবং তানভীর হাসান পরিচালিত “মধ্যবিত্ত”। এসব পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে পর্দা নামবে প্রথম কক্সবাজার চলচ্চিত্র উৎসবের। উৎসব প্রসঙ্গে কক্সবাজার ফিল্ম ক্লাবের সভাপতি মোহাম্মদ সেলিম বলেন, চলচ্চিত্রের মাধ্যমে সমাজের গল্প, মানুষের অনুভূতি ও সময়ের বাস্তবতা তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। পাশাপাশি নতুন ও প্রতিভাবান নির্মাতাদের জন্য একটি সৃজনশীল প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে তারা তাদের ভাবনা ও স্বপ্ন প্রকাশের সুযোগ পাবে। তিনি আরও বলেন, চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সচেতনতা ও পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। খোলা আকাশের নিচে বড় পর্দায় একসঙ্গে বসে সিনেমা দেখার অভিজ্ঞতা দর্শকদের জন্য এক ভিন্ন মাত্রা যোগ করবে। বর্তমান সময়ে মোবাইলের ছোট পর্দা থেকে দর্শকদের আবার বড় পর্দার অভিজ্ঞতায় ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। উৎসব চলাকালীন প্রতিদিন সন্ধ্যায় লাবণী বিচ পয়েন্টের উন্মুক্ত মঞ্চে তিনটি করে চলচ্চিত্র প্রদর্শিত হবে, যা সবার জন্য উন্মুক্ত থাকবে। উল্লেখ্য, ‘১ম কক্সবাজার চলচ্চিত্র উৎসব-২০২৬’-এর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল এস। এ আয়োজনের সহযোগিতায় রয়েছে গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, কক্সবাজার জেলা প্রশাসন এবং ঢাকা ফিল্ম ক্লাব। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
