জ্বালানি তেল সংকট ও অতিরিক্ত ভাড়া রোধে সেনা-পুলিশের যৌথ অভিযান
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Saturday, 28 March, 2026, 8:23 PM
জ্বালানি তেল সংকট ও অতিরিক্ত ভাড়া রোধে সেনা-পুলিশের যৌথ অভিযান
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট, লাইসেন্সবিহীন যানবাহন চলাচল এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে ।
শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার জামতলী ও মাইনী ব্রিজ এলাকায় দুটি পৃথক চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয় । দীঘিনালা জোনের ওয়ারেন্ট অফিসার মোঃ মাইদুল ইসলাম এবং দীঘিনালা থানার উপ-পরিদর্শক (এসআই) চয়ন শীল ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ সোহেল রানা নেতৃত্ব দেন । অভিযান চলাকালে প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ৪টি মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এছাড়া, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সিএনজি ও মাহিন্দ্র চালক এবং সংশ্লিষ্ট লাইনম্যানদের কঠোরভাবে সতর্ক করা হয় । সেনা ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, জ্বালানি তেল সংকটের সুযোগ নিয়ে কেউ অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধি করতে না পারে সেজন্য এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে জরিমানা এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত তদারকি অব্যাহত থাকলে পরিবহন খাতে অনিয়ম কমবে এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি হ্রাস পাবে ।