মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’—এই অনন্য প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হলো ‘স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬’। আজ শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এই উদ্ভাবনী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘এসইডিপি’ (SEDP)-এর অধীন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর আয়োজনে এবং কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ বাস্তবায়নে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন, ঢাকা-২ আসনের জাতীয় সংসদ সদস্য আমান উল্লাহ আমান। তিনি তাঁর বক্তব্যে বলেন- "আমাদের তরুণ শিক্ষার্থীদের মাঝে মেধা ও উদ্ভাবনী শক্তির কোনো অভাব নেই। আজকের এই স্টার্ট-আপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম প্রমাণ করে যে, সঠিক সুযোগ ও পরিবেশ পেলে আমাদের শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে প্রস্তুত। 'সবার আগে বাংলাদেশ'—এই প্রত্যয়কে বুকে ধারণ করে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তি-নির্ভর হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার ও প্রশাসন বদ্ধপরিকর।" মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখে তিনি তরুণ বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের এই উদ্যোগগুলোকে বাণিজ্যিকভাবে স্টার্টআপে রূপান্তরের ওপর জোর দেন।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ওমর ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি রোবোটিক্স, পরিবেশবান্ধব স্মার্ট সিটি, নবায়নযোগ্য জ্বালানি, আইটি ও আধুনিক কৃষিভিত্তিক নানা স্টার্ট-আপ এবং বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করছে। খুদে বিজ্ঞানীদের এই চমৎকার সব উদ্ভাবন দেখতে শিক্ষক, অভিভাবক এবং দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।