|
দীঘিনালায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ তিন যুবক গ্রেফতার
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
|
![]() দীঘিনালায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ তিন যুবক গ্রেফতার পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) রাত প্রায় ১০টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এসআই (নিরস্ত্র) প্রাণতোষ বণিকের নেতৃত্বে পুলিশের একটি টহল দল মেরুং বাজারের ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে অবস্থানরত তিন যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তাদের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মেরুং ইউনিয়নের সোবাহানপুর এলাকার বাসিন্দা মো. মোশারফ হোসেন (৩৫), মো. হৃদয় হোসেন (২১) এবং মো. শাহিন ওরফে বাবু (২২)। পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করে তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রমের অংশ হিসেবে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটির তদন্ত করছেন দীঘিনালা থানার এসআই আলা উদ্দিন। দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন,মাদকের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে মাদক কারবারিদের আইনের আওতায় আনা হচ্ছে। তিনি আরও বলেন,মাদক নির্মূলে শুধু পুলিশের অভিযান যথেষ্ট নয়। সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কোনো এলাকায় মাদকসংক্রান্ত তথ্য পেলে তা দ্রুত পুলিশকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সচেতন মহল মনে করছে, মাদকের বিস্তার রোধে পুলিশের ধারাবাহিক অভিযান এবং জনসচেতনতা একসঙ্গে কার্যকর হলে যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
