ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯ ভাদ্র ১৪৩৩
পুনর্বাসন ছাড়া উচ্ছেদ, টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Thursday, 3 September, 2026, 6:05 PM

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ, টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ, টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ

পুনর্বাসনের ব্যবস্থা না করে হাজীর মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন টঙ্গীর বস্তিবাসীরা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে টঙ্গী বাজার এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। পরে বিক্ষোভকারীদের অবস্থানের কারণে মহাসড়কের একাংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা জানান, হাজীর মাজার বস্তিতে দীর্ঘদিন ধরে কয়েকশ নিম্নআয়ের পরিবার বসবাস করে আসছে। এসব পরিবারের অনেকেই দিনমজুর, রিকশা-ভ্যানচালক, পোশাকশ্রমিক ও বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত। সম্প্রতি বস্তির ঘরবাড়ি উচ্ছেদ করায় পরিবার-পরিজন নিয়ে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

সকাল থেকে টঙ্গী বাজার এলাকায় বিক্ষোভের পর একটি মিছিল স্টেশন রোড প্রদক্ষিণ করে বিআরটি ফ্লাইওভারের ওপর ওঠে। সেখানে বিক্ষোভকারীরা মহাসড়কের একাংশে অবস্থান নেন। এ সময় ‘ভাত দে, কাপড় দে, বাসস্থান দে, পুনর্বাসন দে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।

বস্তিবাসীদের দাবি, তারা উচ্ছেদের বিরোধিতা করছেন না। তবে উচ্ছেদের আগে তাদের বিকল্প আবাসন ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাদের ভাষ্য, হঠাৎ ঘরবাড়ি হারিয়ে নারী, শিশু ও বয়স্কদের নিয়ে তারা কোথায় যাবেন, সেই অনিশ্চয়তাই এখন সবচেয়ে বড় সংকট।

বিক্ষোভকারীদের কয়েকজন অভিযোগ করেন, পুনর্বাসনের ব্যবস্থা না করেই প্রভাবশালী একটি পক্ষের স্বার্থে তাদের উচ্ছেদ করা হয়েছে। এ সময় তারা আবুল খায়ের গ্রুপের স্বার্থ সংশ্লিষ্টতার অভিযোগও করেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, হাজীর মাজার বস্তিকে ঘিরে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চলে আসছিল। বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মাদক উদ্ধারের ঘটনাও ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, অপরাধ নিয়ন্ত্রণ এবং সরকারি জমি উদ্ধারের অংশ হিসেবে রাজউক ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

তবে বস্তিবাসীরা বলছেন, কেউ অপরাধের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু কয়েকজনের অপরাধের দায় পুরো বস্তির সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। উচ্ছেদের পাশাপাশি অসহায় পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান তারা।

বিক্ষোভকারীরা আরও বলেন, তারা কোনো সংঘাতে যেতে চান না। প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চান। উচ্ছেদ হওয়া পরিবারগুলোর তালিকা তৈরি করে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি তাদের। পুনর্বাসনের নিশ্চয়তা পেলে শান্তিপূর্ণভাবে বস্তি ছেড়ে যাওয়ার কথাও জানান তারা।

এদিকে মহাসড়কে বিক্ষোভকারীদের অবস্থানের কারণে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘আমরা বস্তিবাসীকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status