|
রান্নাঘরের আগুনে পুড়ল পাঁচ ঘর, ছাই হলো সেঁজতির পড়াশোনার স্বপ্ন
নতুন সময় প্রতিনিধি
|
![]() রান্নাঘরের আগুনে পুড়ল পাঁচ ঘর, ছাই হলো সেঁজতির পড়াশোনার স্বপ্ন শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একটি রান্নাঘরে রান্নার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের বসতঘরগুলোতে। ঘরগুলো পাশাপাশি থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনের খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে নেভানোর কাজে যোগ দেন। পাশের নদী থেকে পানি এনে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকাণ্ডে পাপেল, সায়েবালী, সেলিনা, পারভীন ও সুরহাব আলীর পাঁচটি বসতঘরের আসবাবপত্র, কাপড়চোপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন সুরহাব আলীর মেয়ে সেঁজতি আক্তার। তিনি স্থানীয় গয়েশপুর কলেজের শিক্ষার্থী। আগুনে তাঁর বই-খাতা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যাওয়ায় নতুন করে পড়াশোনার উপকরণ জোগাড় করা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তিনি। সেঁজতি আক্তার বলেন, ‘আগুনে আমার বই-খাতা, কাগজপত্রসহ পড়াশোনার প্রয়োজনীয় সবকিছু পুড়ে গেছে। এখন নতুন করে বই-খাতা জোগাড় করা নিয়ে চিন্তায় আছি।’ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনে তাঁদের ঘরের প্রায় সব মালামাল পুড়ে গেছে। হঠাৎ এই ক্ষতিতে তাঁরা এখন অনেকটা অসহায় হয়ে পড়েছেন। ঘরসংসার নতুন করে গুছিয়ে নিতে তাঁরা সরকারি সহায়তার পাশাপাশি বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ইসলাম উদ্দিন বলেন, রান্নাঘরে পাতা দিয়ে রান্নার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে পাঁচটি বসতঘরের মালামাল পুড়ে গেছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
