|
টাইব্রেকারের নাটকীয় জয়ে "খালেদা জিয়া স্মৃতি ফুটবল" শিরোপা কবাখালীর
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() টাইব্রেকারের নাটকীয় জয়ে শুক্রবার (২ অক্টোবর ২৬) বিকেল ৩টায় দীঘিনালা মিনি স্টেডিয়ামে কবাখালী স্পোর্টিং ক্লাব ও হাচিনসন পুর স্পোর্টিং ক্লাবের যৌথ আয়োজনে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে নির্ধারিত ৫০ মিনিটের খেলায় মিলনপুর একাদশ ও কবাখালী ছাত্র একাদশের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। টাইব্রেকারে মিলনপুর একাদশ পাঁচ শটের মধ্যে একটি গোল করতে ব্যর্থ হয়। বিপরীতে কবাখালী ছাত্র একাদশ পাঁচটি শটেই গোল করে জয় নিশ্চিত করে। ফলে টাইব্রেকারে জয় পেয়ে টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলে কবাখালী ছাত্র একাদশ। খেলার উদ্বোধন করেন, দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ-সম্পাদক জয়নাল আবেদিন৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ৷ বিশেষ অতিথি ছিলেন কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন কবাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তাইজুল ইসলাম তাজু। আরিফ মোহাম্মদ জাহিদ বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীঘিনালার তরুণদের ক্রীড়ামুখী করতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। প্রতিযোগিতার মধ্য দিয়ে নতুন খেলোয়াড় তৈরি হবে এবং স্থানীয় পর্যায় থেকে তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবে। তিনি আরও বলেন, টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানাই। জয়-পরাজয়ের বাইরে খেলাধুলার সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের পরিবেশ ধরে রাখাই এ ধরনের আয়োজনের অন্যতম সাফল্য। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
