চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯৯৭, কিশোর গ্যাংয়ের ৫৬৭ সদস্য আটক
মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম
প্রকাশ: Tuesday, 27 October, 2026, 6:12 PM
চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯৯৭, কিশোর গ্যাংয়ের ৫৬৭ সদস্য আটক
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ২৪ ঘণ্টায় ৯৯৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আটক করা হয়েছে ৫৬৭ জনকে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) পরিচালিত অভিযানের ফলাফল মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে প্রকাশ করা হয়।
পুলিশের অভিযানের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৮৪ জন, পূর্ববর্তী মামলার আসামি ৭৭ জন, পরোয়ানাভুক্ত ১১৬ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ২৪ জন। এ ছাড়া পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১১ জন, ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৮ জন এবং মাদক মামলায় ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ৯২ জনকে গ্রেপ্তারের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১১ হাজার ৬৫২ পিস ইয়াবা, ৩৯ কেজি ৬৭৫ গ্রাম গাঁজা, ১২৪ লিটার চোলাই মদ, আট বোতল বিদেশি মদ, ১৬ ক্যান বিয়ার, ৭৫ বোতল স্কাফ সিরাপ ও ৭০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট।
এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আদায় করা হয়েছে ১৮ হাজার ৯০০ টাকা জরিমানা। পাশাপাশি মাদকদ্রব্য-সংক্রান্ত ৩৭টি মামলা করা হয়েছে। মাদক মামলায় গ্রেপ্তার ৫২ জনের মধ্যে দুজন মাদক বহনকারী ও ৫০ জন মাদকসেবী। অন্যদিকে, নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে আরও ৪০ জনকে গ্রেপ্তারের তথ্য রয়েছে অভিযানের প্রতিবেদনে।
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সদস্য বেশি আটক
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৬৭ জনের মধ্যে ৩৮৬ জনকে মুচলেকা নিয়ে অভিভাবক বা জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৮১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি কিশোর গ্যাংয়ের সদস্য আটক হয়েছে কুমিল্লায়, ১৯৭ জন। চট্টগ্রামে ১১০ জন এবং লক্ষ্মীপুরে ৬৮ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া চাঁদপুরে ৪৬, ব্রাহ্মণবাড়িয়ায় ৪১, নোয়াখালীতে ৩৯, রাঙামাটিতে ২০, কক্সবাজারে ১৫, ফেনীতে ১২, বান্দরবানে ১০ এবং খাগড়াছড়িতে নয়জনকে আটক করা হয়।
নিষিদ্ধ সংগঠনের ১১ সদস্য গ্রেপ্তার
একই অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে কুমিল্লা ও নোয়াখালীতে তিনজন করে, ফেনীতে দুজন এবং চট্টগ্রাম, চাঁদপুর ও খাগড়াছড়িতে একজন করে রয়েছেন।
চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় পরিচালিত এই অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত ব্যক্তি, মাদক-সংশ্লিষ্ট অপরাধে জড়িত ব্যক্তি এবং কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী, এক দিনের অভিযানে গ্রেপ্তার ও আটক মিলিয়ে বিভিন্ন অপরাধে জড়িত বিপুলসংখ্যক ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।