ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
বিমানবন্দরে নিয়ম না মানা ভিআইপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 28 December, 2019, 6:15 PM

বিমানবন্দরে নিয়ম না মানা ভিআইপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরে নিয়ম না মানা ভিআইপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী

দেশের ভিআইপিদের বিমানবন্দরের নিরাপত্তা নিয়ম অনুসরণের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে সতর্ক করে বলেছেন, কেউ এই নিয়ম ভঙ্গ করলে ভবিষ্যতে বিমান ভ্রমণে নিষেধাজ্ঞার সম্মুখীন হবেন।

তিনি বলেন, ‘এখানে আমি স্পষ্ট বলতে চাই, আমাদের যারা সংসদ সদস্য আছেন, আমাদের এখানে মন্ত্রীরা আছেন, বাহিনী প্রধানরা আছেন বা অন্যান্য ঊর্ধ্বতন অফিসাররাও আছেন- দয়া করে আপনারা যখন বিদেশে যান, যেভাবে নিরাপত্তাটা নিশ্চিত করা হয়, ঠিক সেভাবে আমাদের বিমানবন্দর করতে হবে। সেটা সবাইকে মেনে নিতে হবে।

শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ অনুষ্ঠান থেকেই ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’ নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি নতুন ড্রিমলাইনার বোয়িং ৭৮৭-৯ এবং বিমানের একটি নতুন মোবাইল অ্যাপসেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, সকলকেই বিমানবন্দরের নিরাপত্তা বিধি মেনে চলতে হবে এবং কেউ অনিয়ম করলে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, ‘কেউ যদি বিমানবন্দরের নিরাপত্তায় বাঁধা তৈরি করে, তবে তাকে বিমানে ভ্রমণের সুযোগ দেয়া হবে না। আর আমি এটা অবশ্যই করব, আপনাদের সকলকে এটা মনে রাখতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘আমি সারাদিন দেশের জন্য কাজ করি। কাজেই কোথায় কী হয়, না হয়, খোঁজ-খবরগুলো নেওয়ার চেষ্টা করি। তাই কেউ সেখানে কোনো রকম অনিময় বা ব্যত্যয় ঘটাতে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু আমার কাছে খবরটা চলে আসে। এটা সবাইকে মনে রাখতে হবে। আমরা বিমানবন্দরের নিরাপত্তার ব্যাপারে বিশেষ গুরুত্ব দিচ্ছি।’

আন্তর্জাতিকভাবে বিমানবন্দরে যেসব নিয়ম অনুসরণ করা হয় সেসব নিরাপত্তা বিধি ও নিয়ম বিমান যাত্রীদের মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘আমরা জনশক্তি রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করি। আমাদেরকে তাদের (প্রবাসীদের) দেয়া সুযোগ-সুবিধাগুলো দেখতে হবে। বিমানবন্দরে যেনো তাদেরকে কোনো ধরনের হয়রানির করা না হয়, তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে বিশেষভাবে কাজ করতে হবে।’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সভাপতিত্বে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আরএএম ওবায়দুল মুক্তাদির চৌধুরী এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সিনিয়র সচিব মো. মহিবুল হক, জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি হিতোশি হিরতা এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status