সংগঠক হিসেবে সৌরভ গাঙ্গুলির দক্ষতা কেমন, তা অনেক আগে থেকেই প্রমাণিত। এত অল্প বয়সেই ভারতীয় ক্রিকেট বোর্ডের মত সংস্থার প্রেসিডেন্ট হওয়া চাট্টিখানি কথা নয়। বরং, তার যে রাজনৈতিক দক্ষতা, তাতে করে আইসিসির প্রধান হিসেবেও দায়িত্ব পালনের যোগ্যতা রয়েছে বলে মনে করেন সাবেক ইংলিশ অধিনায়ক ডেভিড গাওয়ার।
সাবেক ইংলিশ ক্রিকেটার তো যোগ্যতা আছে বলেই ক্ষান্ত দিয়েছেন। এবার দক্ষিণ আফ্রিকার সাবেক অন্যতম সফল অধিনায়ক গ্রায়েম স্মিথ তো আইসিসির পরবর্তী চেয়ারম্যান হিসেবে সৌরভকেই চেয়ে বসলেন।
স্মিথ এখন দায়িত্ব পালন করছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে। অদূর ভবিষ্যতে নয়, বরং আইসিসির বর্তমান চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের মেয়াদ শেষ হওয়ার পরপরই যেন বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটির দায়িত্বভার গ্রহণ করেন সৌরভ গাঙ্গুলিই।
গ্রায়েম স্মিথের এই কথাকে আবার সমর্থন জানিয়েছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী জ্যাক ফল’ও। তিনিও বলে দিয়েছেন, সৌরভ গাঙ্গুলিকে নির্বাচিত করতে যদি ম্যান্ডেট প্রয়োজন হয়, তাহলে তারা তাদের বোর্ড প্রধানের কাছ থেকে সেটা আদায় করে নিতে পারবেন।
চলতি মে মাসেই আইসিসি চেয়ারম্যান হিসেবে শশাঙ্ক মনোহরের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা। যদিও করোনাভাইরাসের কারণে তার মেয়াদ আরও দুই মাস বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। ২৮ মে আইসিসির কার্যনির্বাহীর বৈঠকেই এই সিদ্ধান্ত নেয়া হবে।
এরই মধ্যে আইসিসির পরবর্তী চেয়ারম্যান হিসেবে কে আসছেন তা নিয়ে জ্বল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। ক্রিকেট সাউথ আফ্রিকার ডিরেক্টর অব ক্রিকেট গ্রায়েম স্মিথ সৌরভের নাম প্রস্তাব করে সেই আলোচনায় উত্তেজনা বাড়িয়ে দিলেন। শুধু তাই নয়, পৃথিবীর অন্যতম শক্তিধর ক্রিকেট দেশ ইংল্যান্ডের বোর্ড, ইসিবির সাবেক চেয়ারম্যান কলিন গ্রেভসও মতামত দিয়েছেন, আইসিসির চেয়ারম্যান হিসেবে সৌরভের পক্ষে।
আজ (বৃহস্পতিবার) দক্ষিণ আফ্রিকায় সাংবাদিকদের স্মিথ বলেন, ‘আমাদের দিক থেকে বলতে পারি, সৌরভ গাঙ্গুলির মত একজন ক্রিকেট ব্যক্তিত্ব যদি আইসিসির প্রধান হিসেবে দায়িত্ব পালন করে, তাহলে সেটাই হবে সবচেয়ে সেরা।’
দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমি মনে করি, সৌরভ আইসিসি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন সেটাই হবে খেলাটির জন্য খুব ভালো। আধুনিক ক্রিকেটের জন্য এটা খুবই প্রয়োজন। কারণ, তিনি অন্য যে কারো চেয়ে ক্রিকেটটা খুব ভালো বোঝেন। সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেটটা খেলেছেন তিনি। সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্বও বটে। সর্বোপরি তার নেতৃত্ব আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস করি।’