সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে উপড়ে পড়া গাছ কেটে না নেয়াকে কেন্দ্র করে বরিশালের শায়েস্তাবাদ ইউনিয়নে তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টার দিকে ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোদালীয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে কাউনিয়া থানা পুলিশ। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমফানের তাণ্ডবে ওই এলাকার বাসিন্দা শহিদুল মৃধার একটি রেইনট্রি গাছ তার প্রতিবেশী সুলতান কবিরাজের জমির ওপর আছড়ে পড়ে। বৃহস্পতিবার সকালে ওই গাছ সরিয়ে নিতে শহিদুল মৃধার ছেলে রানা মৃধাকে অনুরোধ রাখেন সুলতান। এসময় রানা হাতে ব্যথায় ভুগছেন জানিয়ে বাবা শহিদুলকে জানাতে অনুরোধ করে চলে যান।
এরপর সকাল ৮টার দিকে রানা বাজারে যাওয়ার সময় সুলতান কবিরাজের সঙ্গে একই প্রসঙ্গে তর্ক-বিতর্ক হয়। এসময় সুলতান ক্ষিপ্ত হয়ে তার বাড়ির মধ্যে টেনে নিয়ে রানাকে বেধম পেটাতে থাকে। রানার চিৎকারে তার বাবা শহিদুল ও ভাই সোহাগ মৃধা ছুটে আসলে তাদেরও কুপিয়ে ও পিটিয়ে আহত করে সুলতান ও সাইদুল কবিরাজ। আহতদের মধ্যে শহিদুলের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থল পরিদর্শন করে কাউনিয়া থানার এসআই মিজান জানান, অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।
তবে সাইদুল কবিরাজ ঘটনার বিষয়টি অস্বীকার করে বলেন, উল্টো আমাদের মারধর করা হয়েছে। আমরা হাসপাতালে ভর্তি হয়েছি।