|
কর বৃদ্ধি ছাড়াই জামালপুর পৌরসভার ৫১.১২ কোটি টাকার বাজেট ঘোষণা
মোঃ বিজয়, জামালপুর
|
![]() কর বৃদ্ধি ছাড়াই জামালপুর পৌরসভার ৫১.১২ কোটি টাকার বাজেট ঘোষণা সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম পৌরসভা জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য সর্বমোট ৫১ কোটি ১২ লক্ষ ৮৭ হাজার ৭৫৬ টাকা ১১ পয়সা-র প্রস্তাবিত খসড়া রাজস্ব ও উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত এই বাজেটে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ১১ লক্ষ ৩৬ হাজার ৫৫২ টাকা। পৌরবাসীর ওপর নতুন কোনো কর বা হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি না করেই এই জনবান্ধব বাজেট প্রণয়ন করা হয়েছে। এবারের বাজেটে প্রধানত পৌরবাসীর নাগরিক সেবা বৃদ্ধি, দীর্ঘদিনের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসন, মশক নিধন, আলোকিত শহর বিনির্মাণ, ব্যাপক বৃক্ষরোপণ এবং রাস্তাঘাটের আধুনিক ও টেকসই উন্নয়নের ওপর বিশেষ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। বাজেট অধিবেশনে এবং সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ হাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জহুরুল হক, সহকারী প্রকৌশলী জনাব সুহেল মিয়া, হিসাব রক্ষণ কর্মকর্তা জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, হিসাব রক্ষক জনাব মোঃ শরীফ উদ্দিন সোহাগ সহ পৌরসভার সকল বিভাগীয় ও শাখা প্রধানগণ। পৌরসভার প্রশাসক জনাব মৌসুমী খানম তাঁর সমাপনী বক্তব্যে বলেন, "আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রস্তাবিত বাজেটের অর্থ সময়মতো বরাদ্দ পেলে আমরা পরিকল্পিত ব্যয়ের কাঙ্ক্ষিত সুফল প্রতিটি পৌরবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে পারব। এই বাজেট জামালপুর পৌরসভার সার্বিক উন্নয়নকে আরও ত্বরান্বিত ও গতিশীল করবে।" তিনি উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
