ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬ ● ২৮ আশ্বিন ১৪৩৩
সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 13 October, 2026, 7:35 PM

সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি

সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি সম্প্রচার করবে দেশের শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম টফি। এ লক্ষ্যে স্পোর্টস মার্কেটিং এজেন্সি টিএসএ স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তি করেছে বাংলালিংকের এ ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম।‎

দীর্ঘ আট বছর পর বাংলাদেশে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ। আয়োজনের অংশ হিসেবে স্মার্ট ডিভাইস ও কানেক্টেড টিভিতে হাই-ডেফিনিশন (এইচডি) মানের সম্প্রচারের প্রস্তুতি নিচ্ছে টফি। এর মাধ্যমে দেশের সব প্রান্তের দর্শক একসঙ্গে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলা উপভোগ করতে পারবেন। 

সম্প্রতি ঢাকায় বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। এতে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, টফির ডেপুটি ডিরেক্টর মোদাসসের আহমেদ এবং টিএসএ স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সজিব রশিদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও ছিলেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) কম্পিটিশনস বিভাগের প্রধান সৈয়দ আসিফ হুসাইন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম। 

চুক্তির বিষয়ে তাইমুর রহমান বলেন, বাংলালিংক এর ওটিটি প্ল্যাটফর্ম টফি দেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল বিনোদনমাধ্যম হিসেবে জায়গা করে নিয়েছে। এ প্ল্যাটফর্মে সাফ চ্যাম্পিয়নশিপ সম্প্রচারের মাধ্যমে আমরা দর্শকদেরকে আন্তর্জাতিক মানের ডিজিটাল বিনোদনের অভিজ্ঞতা দিতে চাই। মর্যাদাপূর্ণ এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। এ আয়োজনে জাতীয় দলের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। টফিতে দেশের মানুষ একসঙ্গে খেলা উপভোগ করতে এবং বাংলাদেশ দলকে সমর্থন জানাতে পারবেন।

বাংলাদেশে স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা সম্প্রচারে টফির ভূমিকার কথাও অনুষ্ঠানে তুলে ধরেন অতিথিরা। বাফুফের সহসভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম বলেন, বাংলাদেশের দর্শকদের কাছে গুরুত্বপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতা সম্প্রচারে টফির সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপের ডিজিটাল সম্প্রচার সহযোগী হিসেবে টফি যুক্ত হওয়ায় দেশের দর্শকেরা একসঙ্গে খেলা দেখার আনন্দ ভাগ করে নিতে পারবেন। 

ঘরোয়া ও আন্তর্জাতিকসহ বিভিন্ন পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট সম্প্রচারে ধারাবাহিক ও সফল ট্র্যাক-রেকর্ড রয়েছে টফির। ফিফা বিশ্বকাপের সময় প্ল্যাটফর্মটিতে সর্বোচ্চ ট্রাফিক রেকর্ড হয়েছিল। গত বছর থেকে বাংলাদেশের ঘরোয়া লিগের খেলা সরাসরি সম্প্রচার করছে টফি, যা চলতি মৌসুমেও অব্যাহত রয়েছে। এ ছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগসহ বছরজুড়ে বিভিন্ন বড় টুর্নামেন্ট ও লিগ দেখা যায় প্ল্যাটফর্মটিতে। এর আগে আসিয়ান কাপ সহ বিভিন্ন বড় টুর্নামেন্টে বাংলাদেশের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করেছে টফি। নতুন এ চুক্তির ফলে সাফ চ্যাম্পিয়নশিপে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলোও দেখা যাবে এখানে। 

টুর্নামেন্টের সবগুলো খেলা দেখতে ৯৯ টাকার বিশেষ ডিজিটাল পাস চালু করেছে টফি। তবে আর্লি বার্ড অফারের আওতায় টুর্নামেন্ট শুরুর আগের দিন পর্যন্ত একই পাস কেনা যাবে মাত্র ৪৯ টাকায়। 

টিএসএ স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সজিব রশিদ বলেন, দেশীয় ফুটবল সম্প্রচারে টফির প্রযুক্তিগত সক্ষমতা ও অভিজ্ঞতা রয়েছে। এসব বিবেচনায় সাফ চ্যাম্পিয়নশিপের ডিজিটাল সম্প্রচারের জন্য এটি উপযুক্ত প্ল্যাটফর্ম। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশজুড়ে আরও বেশি দর্শকের কাছে টুর্নামেন্টের খেলা পৌঁছে দিতে পারব বলে আমরা আশাবাদী।

টফি অ্যাপের মাধ্যমেই সাফ চ্যাম্পিয়নশীপের ডিজিটাল পাস কেনা যাবে। পেমেন্ট করা যাবে যেকোন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ডেবিট কিংবা ক্রেডিট কার্ড দিয়ে। অ্যান্ড্রয়েড ও আইওএস স্মার্টফোনের পাশাপাশি অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজেন ও এলজি ওয়েবওএস প্ল্যাটফর্মেও এ টুর্নামেন্ট দেখা যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status