যুগের পর যুগ ভারত ছিল স্পিনারদের পূণ্যভূমি। যে কারণে দেশের বাইরে গেলেই মুখ থুবড়ে পড়তে হতো তাদের। সেই ভারতের ক্রিকেটে গত কয়েক বছরে রীতিমতো পেস বিপ্লব হয়ে গেছে। ভারতে এখন আছে জসপ্রিত বুমরাহ, মোহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব ও ভুবনেশ্বর কুমারের মতো দুর্ধর্ষ সব পেসার। এই পেস আক্রমণকে ভারতের ক্রিকেট ইতিহাসের সেরা বলে মনে করে পঞ্চ পাণ্ডবের অন্যতম মোহাম্মদ শামি।
বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অনেক দুর্ধর্ষ পেস জুটি দেখা গেছে। ক্যারিবিয়ান পেস চতুষ্টয়, ওয়াসিম আকরাম-ওয়াকার ইউনিস, ডেনিস লিলি-জেফ টমসন বা ম্যাকগ্রা-লি-গিলেস্পির মতো জুটিগুলো তো ইতিহাস হয়ে আছে। ইএসপিএনক্রিকইনফোতে দেওয়া এক সাক্ষাতকারে শামি বলেন, 'আপনি ও বিশ্বের আর সবাই নিশ্চয়ই একমত হবেন যে, আর কোনো দলেরই একসঙ্গে ৫ পেসারের প্যাকেজ ছিল না। শুধু এই সময়েই নয়, ক্রিকেটের ইতিহাসেই এটি হয়তো সেরা ফাস্ট বোলিং ইউনিট।'
পাঁচ পেসার নিয়ে মধুর সমস্যায় পড়ার কথা ছিল অধিনায়ক বিরাট কোহলির। কাকে ছেড়ে কাকে নেবেন- এটা তো কমন বিষয়। তবে শামি বললেন ভিন্ন কথা, 'আমাকে এসবের মধ্যে জড়াবে না, তোমরা নিজেদের মধ্যে ঠিক করে নাও, আমার কোনো সমস্যা নেই।’ আমাদের টিম মিটিংয়ে এ ধরণের মজাই হয়। বেশির ভাগ সময় আমিই অন্যদের বলি নতুন বলে বল করতে। খানিকটা পুরোনো বলে বল করতে আমার আপত্তি নেই।'