সিরাজগঞ্জ সদর উপজেলায় করোনা আক্রান্ত হয়ে পোস্ট অফিসের স্টাফ ভেন্ডার হামিদুর রহমান ও করোনা উপসর্গ নিয়ে সয়দাবাদ হাই স্কুলের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আবুল হোসেন নামে এক বৃদ্ধ মারা গেছেন।
সোমবার দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকাল অফিসার ডা. সৌমিত্র বসাক এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২৩ মে হামিদুর রহমানের নমুনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। তিনি প্রথমে এনায়েতপুর খাজা ইউনুস আলী (রহ.) মেডিকেল কলেজে এবং পরে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা নেনে। পরে পরিবারের লোকজন তাকে গ্রামের বাড়ি পৌর এলাকার কাঠেরপুল সংলগ্ন নলিছা বাড়িতে নিয়ে গেলে সোমবার রাতে হামিদুর রহমান মারা যান।
অন্যদিকে সিরাজগঞ্জ পৌরসভার মিরপুর গ্রামের বিড়ালাকুঠির বাসিন্দা সয়দাবাদ হাইস্কুলের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আবুল হোসেন সকালে করোনা উপসর্গ নিয়ে মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরিবারের অন্য ৪ জনেরও নমুনা সংগ্রহ করা হয়েছে।
অন্যদিকে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের জেলা পরিসংখ্যানবিদ অফিসার মো. হুমায়ন কবীর জানান, গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকাল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের রিপোর্টের মধ্যে ৬২ জনের রিপোর্ট পজিটিভ আসে। এদের মধ্যে পুরনো ১৪ জন ও নতুন ৪৮ জন। নতুন আক্রান্ত ৪৮ জনের মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার সর্বোচ্চ ২৫ জন। অন্যরা হচ্ছেন শাহজাদপুরের ৯ জন, বেলকুচির ৬ জন, রায়গঞ্জের ৫ জন, চৌহালীর ২ জন ও কাজিপুরের ১ জন।
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সর্বমোট ৪ হাজার ৯০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্য করোনা পজিটিভ ৪৩৫ জনের। মারা গেছে ৪ জন। সুস্থ হয়েছেন ২০ জন।