করোনার ভারতীয় ধরনে আক্রান্ত চীন, ফ্রান্স ও উগান্ডা
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 1 May, 2021, 5:27 PM
করোনার ভারতীয় ধরনে আক্রান্ত চীন, ফ্রান্স ও উগান্ডা
ভারতে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন ধরন দ্রুত অন্য দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে ভারতীয় করোনার ধরন শনাক্তের খবর আগেই জানা গিয়েছিল। এবার নতুন করে চীন, ফ্রান্স ও উগান্ডায় এই ধরন শনাক্ত হয়েছে।
চাইনিজ গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ঝিজিয়াং নামে উপকূলবর্তী প্রদেশে ভারত থেকে আসা করোনার নতুন স্ট্রেইনটি ১১ জনের দেহে পাওয়া গেছে।
চীনের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রধান কর্মকর্তা হু জানইউ বলেন, ভারতের নতুন করোনা স্ট্রেইন আমাদের বেশকিছু শহরে পাওয়া গেছে। সবাই খুবই উদ্বিগ্ন ও চিন্তিত।
এদিকে বার্তাসংস্থা রয়টার্সের খবরে জানা গেছে, ফ্রান্সে ভারতীয় ধরনে তিনজন আক্রান্ত হয়েছে। এই প্রথম দেশটিতে ভারতীয় ধরনের সংক্রমণ শনাক্ত হলো।
ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরোন দাবি করেছিলেন, দেশে করোনার ভারতীয় ধরনের কোনো সংক্রমণ শনাক্ত হয়নি।
অন্যদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, উগান্ডায় করোনাভাইরাসের ভারতীয় ধরনে আক্রান্ত রোগী পাওয়া গেছে। যিনি সম্প্রতি ভারত সফর করে উগান্ডায় ফিরেছেন।
ভারতে তৈরি হওয়া করোনাভাইরাসের নতুন ধরনটির নাম গবেষকরা দিয়েছেন ‘বি-ওয়ান-সিক্সসেভেনটিন’। গত অক্টোবরে এটি প্রথম শনাক্ত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বের ১৭টি দেশে ভারতের নতুন করোনা ধরনের অস্তিত্ব মিলেছে।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩১ লাখ ৯৩ হাজার এবং আক্রান্ত হয়েছে ১৫ কোটি ২০ লাখেরও বেশি মানুষ।